ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পাল্লি-কুল্লা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগী পাল্লি এলাকার ময়নাল হোসেন (৪৫)।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বসতঘরটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরটিভি/আইএম



