
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি সাততলা ভবনের তিনটি ফ্ল্যাটে একযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে। এছাড়া আরও একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় তারা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ভাগ্যকুল রোডের শেখপাড়া ভাই ভাই মার্কেট এলাকায় সৌদি প্রবাসী শহিদুল ইসলামের সাততলা ভবনে এই চুরির ঘটনা ঘটে।
ভবনের নিচতলার ভাড়াটিয়া ও মেসার্স বিজনেস ভিশনের স্বত্বাধিকারী আব্দুর রশিদ জানান, ফ্ল্যাটটি ভাড়া নিয়ে তিনি ডিলারশিপের ব্যবসা পরিচালনা করে আসছেন। বুধবার দরজায় তালা দিয়ে তিনি কলেজ গেট এলাকার নিজ বাসায় যান। পরে চুরির খবর পেয়ে এসে দেখেন ফ্ল্যাটের তালা ভাঙা। চোরেরা স্টিলের ড্রয়ার ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৮৬ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ নিয়ে গেছে।
একই ভবনের ষষ্ঠ তলার বাসিন্দা সাইদুর রহমান জানান, মেয়ের পরীক্ষা শেষে বাসায় ফিরে তিনি দরজার তালা ভাঙা ও ঘর তছনছ অবস্থায় দেখতে পান। দুর্বৃত্তরা তার মেয়ের জমানো টাকা, একটি মাটির ব্যাংক ও একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।
অন্যদিকে, চতুর্থ তলার বাসিন্দা স্বর্ণা আক্তার জানান, তিনি দেউলভোগ এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে তাঁর ছেলের শিক্ষক পড়াতে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। তবে দরজায় অতিরিক্ত লক থাকায় চোরেরা ভেতরে ঢুকতে পারেনি।
একই ভবনের একাধিক ফ্ল্যাটে এমন চুরির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এসএস




