
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা কী কারণে তার ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশও বিস্তারিত কিছু জানাতে পারেনি।
স্থানীয়রা জানান, রাতে প্রাইভেটকারযোগে বাড়ি ফেরার পথে জয়নগর এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এ সময় শরীফের গাড়ির ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে শরীফকে এলোপাতাড়ি কোপালে তার মুখে গুরুতর জখম হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর জখম হওয়ার কারণে তার মুখে ব্যান্ডেজ করা হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়নি। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




