ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার

ধামরাই (ঢাকা), আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
মোহাম্মদ কলিম উদ্দিন। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ যুবলীগের কর্মী রিফাত আহমেদকে খুঁজতে গিয়ে তার বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, কলিম উদ্দিন রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং কৃষিকাজ ও গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। তবে পুলিশ বলছে, তার কোনো দলীয় পদ না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক এবং তার ছেলে নিষিদ্ধ যুবলীগের নেতা হওয়ায় তাকে একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় কলিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তাকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

৬০ বছর বয়সী মোহাম্মদ কলিম উদ্দিন ভাবনহাটি এলাকার বাসিন্দা। তার ছেলে প্রকৌশলী রিফাত আহমেদ নিজেকে নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে রিফাতেরও কোনো দলীয় পদ নেই। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না, সে তথ্যও পাওয়া যায়নি।

রাতে বাড়িতে অভিযান
কলিম উদ্দিনের পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন ব্যক্তি তাদের বাড়িতে যান। তাদের মধ্যে কয়েকজন পুলিশের পোশাক পরেছিলেন। পুলিশ পরিচয় দেওয়ার পর কলিম উদ্দিন দরজা খুলে দেন।

সে সময় বাড়িতে কলিম উদ্দিন, তার স্ত্রী হাসিনা বেগম, মেয়ে হ্যাপী আক্তার ও ছেলের বউ ছিলেন। পুলিশ রিফাতের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা জানান, তিনি প্রায় দুই থেকে তিন বছর ধরে বাড়িতে নেই। রাজনীতি করার কারণে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগও নেই।

পরে ‘কথা আছে’ বলে কলিম উদ্দিনকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, এরপর তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন ব্যক্তি আমাদের বাড়িতে এসে দরজায় কড়া নাড়ে। আমার স্বামী দরজা খুলে দেন। তখন বাইরে পুলিশের পোশাক পরা ও গেঞ্জি-প্যান্ট পরা কয়েকজনকে দেখতে পাই। আমাদের বাড়িতে আমি, আমার স্বামী, মেয়ে ও ছেলের বউ ছিলাম।

পুলিশ আমার ছেলের কথা জানতে চায়। আমরা বলি, সে প্রায় দুই-তিন বছর ধরে বাড়িতে নেই। রাজনীতি করে, তাই তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। এই কথা বলার পর পুলিশ ‘কথা আছে’ বলে আমার স্বামীকে বাড়ি থেকে রাস্তায় নিয়ে যায়। এরপর তাকে থানায় নিয়ে যায়। আজ তাকে আদালতে নিয়েছে।

তিনি আরও বলেন, আমার স্বামী কৃষিকাজ করেন, গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। ছেলে রাজনীতি করে, তাই তার সঙ্গে যোগাযোগ রাখি না। আমার স্বামী কোনো রাজনীতি করেন না। বাড়িতে থাকেন, কাজ করেন। তার নামে কোনো মামলা নেই। ছেলে রাজনীতি করে, তাই আমার স্বামীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। আমার স্বামী তো কোনো দোষ করেননি।

পরিবারের দাবি, ‘বাবা রাজনীতি করেন না’
কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তার বলেন, আমি প্রায় এক সপ্তাহ আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আমার ভাই রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর সে কখনো বাড়িতে আসেনি। আমাদের সঙ্গেও যোগাযোগ নেই। আমার বাবা রাজনীতি করেন না। তিনি কাজ করেন, কৃষিকাজ করেন, গরু দেখাশোনা করেন। গতকাল পুলিশ আমার ভাইকে ধরতে আসে, না পেয়ে আমার বাবাকে ধরে নিয়ে যায়। সে তো রাজনীতি করে না, তাকে কেন এই মামলায় দেওয়া হবে? আমার বাবাকে দেখতে যাওয়ার কেউ নেই। আদালতে সঙ্গে যাবে কেউ নেই। আমাদের ওপর এই জুলুম কে দেখবে? আমার বাবা তো কোনো অন্যায় করেননি।

পরিবারের সদস্যরা বলছেন, কলিম উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি বাড়িতেই থাকেন এবং কৃষিকাজ ও গরু পালনের সঙ্গে যুক্ত।

পুলিশের ব্যাখ্যা কী
কলিম উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়ে জানতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খানের সঙ্গে কথা বলা হয়।

তিনি বলেন, ওই ব্যক্তির (কলিম উদ্দিন) ছেলে রিফাত আহমেদ নিষিদ্ধ যুবলীগের নেতা। তার নেতৃত্বেই কিছুদিন আগে মিছিল হয়েছে। কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ রিফাতের বাড়িতে অভিযান চালিয়েছে। কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেছেন, রিফাত নিষিদ্ধ যুবলীগ নেতা এবং তার পুরো পরিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। সেই কারণে কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কলিম উদ্দিনের নামে কোনো মামলা আছে কি না এবং তিনি আওয়ামী লীগের কোনো পদধারী নেতা কি না, জানতে চাইলে ওসি বলেন, না, তার নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগের সমর্থক, এই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিফাত কী বলছেন
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে রিফাত আহমেদ নিজেকে নিষিদ্ধ যুবলীগের কর্মী বলে পরিচয় দেন। তবে তিনি জানান, দলে তার কোনো পদ নেই।

রিফাত আহমেদ বলেন, আমি যুবলীগের সক্রিয় কর্মী। আমার কোনো পদবি নেই। আমার বাবা ও পরিবারের সদস্যরা আমাকে রাজনীতি করতে নিষেধ করেছেন। তারপরও রাজনীতি করি। আমাকে না পেয়ে আমার কৃষক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার বাবা কোনো রাজনীতি করেন না। আমার জন্য পুলিশ আমার বাবাকে হয়রানি করতে গ্রেপ্তার করেছে।

রিফাতের দাবি, ওই রাতে তার এক প্রতিবেশীকেও পুলিশ নিয়ে গেছে। তিনি বলেন, শুধু আমার বাবাকেই নয়, রাতে পুলিশ আমার পাশের বাড়ির প্রতিবেশী ইন্টারমিডিয়েট পড়ুয়া শাহীন নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে। শাহীন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। একটা নিরীহ ছেলে। পুলিশ যা ইচ্ছা এখন তাই করছে।

তবে শাহীনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন। ওসি নাজমুল হুদা খান বলেন, অপরাধীরা কখনোই অপরাধ স্বীকার করে না। শাহীনকে যথেষ্ট প্রমাণ সাপেক্ষে গ্রেপ্তার করা হয়েছে। রিফাতের নেতৃত্বে যে মিছিলটি হয়েছে, সেই মিছিলে শাহীনকে দেখা গেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার