
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজির আহমেদ টিটো বলেছেন, প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন। উনার যে চলার গতি, কর্মের গতি, সেটার সঙ্গে আমরা কতটুকু তাল মিলাতে পারবো সেটা নিয়ে সবসময় ভয়ে থাকি।
তিনি বলেন, বিসিকের উদ্যোগে প্রথমবারের চাকুরীমেলার আয়োজন করা হয়েছে। বিসিক চাকরীপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে সেতুবন্ধন করেছে। চাকরী পাওয়ার প্রক্রিয়াটি সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিসিক চাকরি মেলা ২০২৬ এর শুভ উদ্ধোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাকরী প্রত্যাশীদের উদ্দেশ্যে বেনজির আহমেদ টিটো বলেন, ‘সবাই চাকরি করলে হবে না ভবিষ্যতে আপনি চাকরি দিতে পারবেন সেটারও জন্য প্রস্তুত হতে হবে। বিসিক উদ্যোক্তা তৈরী করছে। নিজস্ব মেকানিজমে অতি ক্ষুদ্র ঋন প্রদান করছে। দেশের অনেক বড় জায়ান্ট প্রতিষ্ঠানের শুরু বিসিক থেকে। উদ্যোক্তা তৈরী করে গ্রামীন অর্থনীতিকে কিভাবে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারে বিসিক সেই চেষ্টা করছে। উদ্যোক্তাদের জন্য বিসিকে দ্বার সবসময়ই খোলা।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, বিকেএমইএর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ প্রমুখ।
বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আজকে বিসিক চাকরী মেলার যে উদ্যোগ সেটা প্রধানমন্ত্রীর ১ কোটি বেকার যুবককে চাকরী প্রদানের যে প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখবে।’
বিসিক নারায়ণগঞ্জের এজিএম জসিমউদ্দিন জানান, ১৩টি ফার্মাসিউটিক্যালস, ৭টি গার্মেন্টসসহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী এই তিন জেলা থেকে ৪৩টি প্রতিষ্ঠান থেকে ৬৫০ জন চাকরী পাবেন।
চাকরী প্রত্যাশীরা বলছেন, এই ধরনের আয়োজনে তাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। এখানে কোন ধরনের সুপারিশ ছাড়াই চাকুরী পাওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করার দাবি জানান। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করতেও সরকার উদ্যোগ নিবে এই প্রত্যাশা করেন।
আরটিভি/ এসকেডি



