ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ এএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: আরটিভি

আইনশৃঙ্খলা বাহিনী ও একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারতের মাটি থেকে সরাসরি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী এক গোপন ভার্চ্যুয়াল জুম বৈঠক সম্পন্ন করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

বৈঠকে তিনি দীর্ঘদিন ধরে শূন্য থাকা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে আইয়ূব হোসেনের নাম ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনলাইন বৈঠকে কালীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা পর্যায়ক্রমে অংশ নেন। তবে অত্যন্ত স্পর্শকাতর ও রাজনৈতিকভাবে উত্তপ্ত এই জুম বৈঠকের কোনো তথ্যই ছিল না স্থানীয় কিংবা জেলা গোয়েন্দা দপ্তরের কাছে।

দীর্ঘ সময় ধরে চলে আসা এই গোপন প্ল্যাটফর্মে রাষ্ট্র বা সরকারবিরোধী কী কী কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সে বিষয়ে গোয়েন্দাদের আগাম কোনো তথ্য না থাকা বা ট্র্যাকিংয়ে ব্যর্থ হওয়া নিয়ে প্রশাসন ও সুশীল সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সভানেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত ও সুসংগঠিত করার কঠোর বার্তা দিয়েছেন।

নির্দেশনায় তিনি বলেন, গ্রামে গ্রামে সাধারণ মানুষের দ্বারে পৌঁছে বর্তমান সরকারের নানা সংকট তুলে ধরতে বেলেছেন। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস বিপর্যয় ও চরম সার সংকটের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রতিটি ইউনিয়ন থেকে নির্দিষ্ট ৩ জন করে প্রতিনিধি ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সুযোগ পান।

দীর্ঘ সময় ধরে চলা এই হাই-প্রোফাইল বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু এবং আলাল হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট শেয়ার করলে বিষয়টি জনসমক্ষে আসে।

ফেসবুকে বার্তা ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে হুলস্থুল পড়ে গেলেও পুরো বিষয়ে অন্ধকারে ছিল জেলা পুলিশের গোয়েন্দা শাখা। রাষ্ট্রীয় নিরাপত্তা ও নজরদারির এমন চরম শিথিলতা এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে রাতে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিঞা মোহাম্মদ আশিস বিন হাছানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে পুরোপুরি অজ্ঞতা প্রকাশ করে জানান, এ ধরনের কোনো রাজনৈতিক জুম বৈঠক কিংবা গোপন সমাবেশের তথ্য তাদের জানা নেই।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল মনে করছেন, জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ নিয়ন্ত্রণের এই চক্রান্ত গোয়েন্দা নজরদারির কঙ্কালসার চিত্রকেই ফুটিয়ে তুলেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ তোলে এক ভাইকে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি ঘটনায় এক স্কুলছাত্রী ও এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ও বিকেলে উপজেলার বাঘড়া ও বাড়ৈখালী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া এলাকার একটি বাড়ি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে সামিয়া একাধিকবার বাবা-মাকে ঝগড়া না করার জন্য অনুরোধ করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, বুধবার এশার নামাজের সময় বাড়ির কাউকে না জানিয়ে নিখোঁজ হন বাড়ৈখালী গ্রামের মৃত মরণ শেখের ছেলে স্বপন শেখ (৫০)। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের তাছির শেখের কচুরিপানায় ভরা পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/টিআর
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চর
শরতের কাশফুলে বদলে গেছে রংপুরের পীরগঞ্জের করতোয়া নদীর চরাঞ্চলের দৃশ্য। নদীর তীরে ও চরের উঁচু জায়গাজুড়ে ফুটেছে সাদা কাশফুল। আর এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। বিশেষ করে বিকেল হলেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মানুষ ছুটে আসছেন কাশবনে। সরেজমিনে দেখা গেছে, করতোয়া নদীর জাতের ঘাটে বিস্তীর্ণ চরজুড়ে সবুজ ঘাসের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাশফুল। বাতাসে দুলতে থাকা সাদা কাশবন দেখতে দূরদূরান্ত থেকেও কেউ কেউ আসছেন। অনেকে কাশফুলের মধ্যে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলছেন। কেউ আবার নদীর পাড়ে বসে উপভোগ করছেন শরতের এই সৌন্দর্য। দর্শনার্থীদের আনাগোনা সবচেয়ে বেশি দেখা যায় বিকেলের দিকে। সূর্যের আলো নরম হয়ে এলে কাশফুলের শুভ্রতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এ সময় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চরাঞ্চল। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর শরৎকালে করতোয়ার চরে কাশফুল ফুটলেও এবার ফুল ফোটার পর থেকেই মানুষের আনাগোনা চোখে পড়ার মতো বেড়েছে। বিকেলে নদীর পাড়ে অনেক মানুষের সমাগম হচ্ছে। কাশবনকে ঘিরে স্থানীয়ভাবে এক ধরনের দর্শনীয় পরিবেশ তৈরি হয়েছে। কাশফুল দেখতে আসা দর্শনার্থী রাকিবুল ইসলাম বলেন, কাশফুলের এমন দৃশ্য খুব কাছ থেকে দেখতে ভালো লাগে। পরিবার নিয়ে বিকেলে এখানে এসে সময় কাটাচ্ছি। ছবি তোলার জন্যও জায়গাটি বেশ সুন্দর। আরেক দর্শনার্থী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কাশফুলের ছবি দেখে এখানে আসার আগ্রহ তৈরি হয়েছে। এসে দেখলাম, জায়গাটি বেশ সুন্দর। বিকেলে এখানে অনেক মানুষ আসছেন। স্থানীয়দের ভাষ্য, করতোয়া নদীর চরাঞ্চলে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও এখানে পর্যটনসুবিধা তেমন নেই। যাতায়াতব্যবস্থা, বসার জায়গা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করা গেলে দর্শনার্থীদের জন্য জায়গাটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। শরতের কাশফুল বাংলার প্রকৃতির চিরচেনা সৌন্দর্যের অংশ। করতোয়া নদীর বুকে জেগে ওঠা চর আর সাদা কাশবন দেখতে এখন প্রতিদিনই ছুটে আসছেন মানুষ। ফলে শরতের মৌসুমে পীরগঞ্জের এই চরাঞ্চল স্থানীয়দের কাছে হয়ে উঠছে নতুন এক আকর্ষণের জায়গা। আরটিভি/টিআর
কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চর
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বলেছেন, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। অনাকাঙ্ক্ষিতভাবে যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেলস্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান পরিদর্শন করেন। মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর’ তাণ্ডবের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুমসহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে। মন্ত্রী আরও বলেন, রেলস্টেশনের ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে। যারা এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করে তিনি জানান, প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার
কিশোরগঞ্জের ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।  বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপি জেলা আহ্বায়ক কমিটির দপ্তর এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়ার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে।  তবে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দলে নেতিবাচক প্রভাব পড়ায় মো. নাজমুল ঠাকুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে আলোচনা-সমালোচনা চলছে। বহিষ্কারের আদেশের পত্রে বলা হয়েছে, ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাজমুল ঠাকুর গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী মো. নাজমুল ঠাকুরকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ করা হয়। এদিকে মো. নাজমুল ঠাকুর তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি ফেক বলে দাবি করেছেন। আরটিভি/এসআর
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার
আরও পড়ুন
ঝিনাইদহে বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩