
মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ তোলে এক ভাইকে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মল্লিকপুরে পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দাবি করা মেঝ ভাইয়ের নাম মোহাম্মদ আলী (৩০), তিনি ওই এলাকার মৃত মুকাদ্দাস আলীর ছেলে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ভাই হলেন, বড় ভাই আশরাফ আলী (৩৫) ও ছোট ভাই আহাম্মেদ আলী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে পূর্বপাড়ার মৃত মুকাদ্দাস আলীর ছেলে তিন ছেলে আশরাফ আলী, মোহাম্মদ আলীর বড় ভাই ও আহাম্মেদ আলীর মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে আজ বিকেলে তিন ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে বড় ভাই আশরাফ আলী ও ছোট ভাই আহাম্মেদ আলী মেঝ ভাই মোহাম্মদ আলীকে শেকল দিয়ে বেঁধে রাখে। কিন্তু মোহাম্মদ আলী কৌশলে বাসা থেকে বের হয়ে শেকলসহ থানায় এসে হাজির হয়।
থানায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেন , মাদক সেবনের অভিযোগ তোলে তাকে মারপিট করা হয়েছে এবং শেকল দিয়ে বেধে রাখায় হয়েছিল। তিনি কৌশলে বাসা থেকে বের হয়েছেন। এরপর পুলিশ বড় ভাই আশরাফ আলী ও ছোট ভাই আহাম্মেদ আলীকে গ্রেপ্তার করে।
তবে গ্রেপ্তার হওয়ায় দুই ভাই আশরাফ আলী ও আহাম্মেদ আলী জানিয়েছেন, মেঝ ভাই মোহাম্মদ আলী মাদকাশক্ত, প্রায়ই মাদক সেবন করে এবং পরিবারের সদস্যদের মারপিট করে। তাই তাকে বাসায় আটকে রাখা হয়েছিল যাতে কাউকে সে মারপিট করতে না পরে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, বড় ও ছোট ভাইয়ের অভিযোগ মোহাম্মদ আলী মাদক সেবন করে ও পরিবারের সদস্যদের সাথে ঝগড়াঝাটি করার কারণে তাকে আটক করে রাখা হয়েছিল। কিন্তু মেঝ ভাই মোহাম্মদ আলীর দাবি সে সুস্থ্য। তিন ভাই আজ বাসায় মারামারি করেছে, তিন জনই আহত হয়েছে। তিন জনকে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। অপরাধের ঘটনায় পুলিশকে না জানিয়ে নিজেরা শেকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
আরটিভি/ এসকেডি




