
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জাহাজভাঙা শিল্প এলাকায় বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প এলাকা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে জাহাজভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশার লার্ভা নিধন এবং শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট জাহাজভাঙা শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে অভিযানে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল বশর, মহিলা ইউপি সদস্য দেলোয়ারা বেগম কলি, উপজেলা প্রশাসনের প্রতিনিধি মোহাম্মদ জাফর আলম ও মোহাম্মদ শহিদুল আলম পাপ্পু, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতারা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে জাহাজভাঙা শিল্প এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরটিভি/এমএইচজে



