
মসজিদগুলোকে বিগত দিনে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।
তিনি আরও বলেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, আপনারা এমন আলেম ও বক্তা খুঁজে বের করুন, যাঁরা কোরআন-হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তাদের দিয়ে মাহফিল আয়োজন করলে আমরা স্বাগত জানাব। সেই মাহফিলে আমরা প্রধান অতিথি থাকব। মাহফিল সম্পন্ন করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।
আরটিভি/টিআর



