
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানক্ষেতে কীটনাশক ছিটিয়ে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার ১৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ জমিটির মালিকানা তিনি ও তার ওয়ারিশরা পৈতৃক সূত্রে লাভ করেছেন এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আবদুর রহমান উল্লেখ করেন, চলতি মৌসুমে ওই জমিতে তারা আমন ধান রোপণের পাশাপাশি মাসকলাই বপন করেন। ফসলের পরিচর্যাও চলছিল। তার অভিযোগ, গত ১০ অক্টোবর রাতে অভিযুক্ত ১৬ জন দলবদ্ধ হয়ে আশিকুর রহমানের নির্দেশে স্প্রে মেশিন দিয়ে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করেন। এতে তার ও তার ওয়ারিশদের চাষ করা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা আবদুল খালেক মিয়া বলেন, প্রায় দুই একর জমিতে ধান রোপণের পর গভীর রাতে এভাবে ফসলের ক্ষতি করা হয়েছে। এতে আবদুর রহমানদের অনেক ক্ষতি হয়েছে। আমরা গ্রামবাসী চাই, তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্ত শফিকুল ইসলাম ও রাজু মিয়া বলেন, আমাদের জমিতে আমরা কেন স্প্রে করব? কে বা কারা স্প্রে করেছে, সেটি জানি না।
উপসহকারী কৃষি কর্মকর্তা ওলি আহাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের কৃষি প্রণোদনার আওতায় আনা হবে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর




