
নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তি বিশ্বাস গোবরা এলাকার গণেশ বিশ্বাসের স্ত্রী। পেশায় তিনি একজন নারী শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মুক্তি বিশ্বাস তার সঙ্গী নির্মলের মোটরসাইকেলে চড়ে গোবরা থেকে বাড়াগ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে মুক্তি বিশ্বাস মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার রাসেল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/এমএম


