
পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি দরবার হলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
কৃষি খাতের উন্নয়নের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, দেশের পাট, আখ ও রেশমচাষিরা একসময় নিঃশেষ হয়ে গিয়েছিলেন। এ দেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে ১৫টি পাটকল চালু হয়েছে। তিনি বিভিন্ন স্থানে পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছেন। পাট আগামী দিনে সোনালি আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করবে।
তিনি বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তিনি রাজশাহীর ধর্মসভা পরিদর্শনসহ পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন। একটি বিশাল জনসভার মাধ্যমে তিনি এ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে কোনো রাষ্ট্রপ্রধান ঢাকার বাইরে কোনো মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তা করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। শুধু রাজশাহীতে নয়, তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রামেও মন্দির পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার কাছাকাছি যাওয়ার জন্য নির্দিষ্ট ব্যক্তিদের কার্ড দেওয়া হবে। কার্ড ছাড়া কেউ তার কাছাকাছি যেতে পারবেন না।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অবিভক্ত বাংলায় কলকাতা যখন রাজধানী ছিল, তখন রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার চিনি কলকাতায় যেত। প্রধানমন্ত্রী সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মূলত কৃষকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। তাই সভায় কৃষকদের উপস্থিতিই বেশি থাকবে।
ধর্মসভা পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে উল্লেখ করে সমাবেশটি সুন্দরভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা ও মহানগরসহ পার্শ্ববর্তী জেলার সবার সার্বিক সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত নেতারা নিজ নিজ অবস্থান থেকে সমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত।
এ ছাড়া রাজশাহী মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর




