
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৬টি বিচারাধীন মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার ক্যানালপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পিয়াল আহম্মেদ একই উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ক্যানালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর মাঠ-পাড়ায় তার মালিকানাধীন গোডাউনে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, একটি কুড়াল, দুটি ছুরি, দুটি বড় ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া আলমডাঙ্গা থানার একটি মামলায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসএস


