
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন
পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এলাকায় অবস্থান করছেন— এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে পুলিশের হেফাজতে নেওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। প্রায় শতাধিক হামলাকারীরা পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করেন এবং পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। আকস্মিক এ ঘটনায় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠি থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে রোববার বিকেল থেকে সিরাজ মোল্লার বাড়িসহ দপদপিয়া ইউনিয়নের একাধিক বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের আগেই হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাড়িঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে আটক সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মো. সোহেল হাওলাদার (২৭), মিল্টন হাওলাদার (২০), রাশেদ মৃধা (২৫) ও শহিদুল ইসলাম (২৮)।
এদিকে ঘটনার পর নলছিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য পালানোর পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জীদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে।
আরটিভি/এমএইচজে




