
কিশোরগঞ্জের হোসেনপুরে সেচের মোটর চুরির সন্দেহে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নির্যাতনের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা এক যুবককে হাত-পা বেঁধে মাটিতে উপুড় করে রাখা হয়েছে। কাজী আলম নামের এক ব্যক্তি এক পা দিয়ে তাকে চেপে ধরে লাঠি দিয়ে দুই পায়ের পাতায় একের পর এক আঘাত করছেন। এ সময় ওই যুবককে কাতরাতে ও বাঁচার আকুতি জানাতে দেখা যায়।
নির্যাতনের শিকার জয় মিয়া (২৪) সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকার বাসিন্দা মৃত নাজিম উদ্দীনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শরিফুল আলম জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
সেই ভিডিওতে নির্যাতনের শিকার জয় মিয়াকে বলতে শোনা যায়, আমার মা নাই, বাপ নাই। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, জীবনে কিছু কইরে খাইবে, হেই বাও আমি রাখতাম না। ঘটনাস্থলে আরও বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে চরকাটিহারী গ্রামের জজ মিয়া ও জুয়েল মিয়ার দুটি সেচের মোটর চুরি হয়। এ ঘটনায় জয় (২৪) নামের এক যুবকের ওপর সন্দেহ করেন স্থানীয় কয়েকজন। পরে শনিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে এনে বিল্লাল হাজীর বাড়ির পাশে হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এ সময় কেউ একজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা মো. শরিফুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে চোর তাই তাকে বিচার করেছি। তার দাবি, এ সময় তিনি মারধর না করলে স্থানীয়রা ওই যুবককে মেরে ফেলত। সবাই যেন আইন নিজের হাতে তুলে না নেন এজন্য তিনি এই কাজটা করেছেন।
আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ আছে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, না এটা ঠিক না।
শরিফুল আলম বলেন, চোরের বিচার করায় এখন আমার বাড়িঘরে হামলার শিকার হয়েছি।
জিনারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল আলম সৃজন বলেন, জয় একজন চিহ্ণিত চোর। এর আগে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েক দিন আগে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি পাশের ময়মনসিংহ জেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামে বসবাস করছিলেন।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলা হওয়ার আগে যুবককে মারধরের ভিডিওর বিষয়টি তার জানা ছিল। পরে তাকে থানায় সোপর্দ করা হলে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, যারা তাকে মারধর করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএ




