
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাকের চাপায় আলম মোল্লা নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকার পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম মোল্লা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, গভীর রাতে পলাশ ফিলিং স্টেশনের সামনে একটি বেপরোয়া গতির ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে সিটকে পরে এবং ওই ট্রাকের নিচে চাপা পরে দেহ ও মাথা ছিন্নভিন্ন হয়ে যায় এবং সাথে মোটরসাইকেল চালক নাঈম আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলম মোল্লা। সিডস্টোর বাজারের পলাশ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক নাঈম আহত হন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
আরটিভি/ এসকেডি




