
গাজীপুরের পুবাইল ও টঙ্গীর মধ্যবর্তী এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, পুবাইল ও টঙ্গীর মধ্যবর্তী এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় রেল চলাচল ব্যাহত হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী ট্রেনগুলো আটকে পড়ার পরিস্থিতি তৈরি হয়।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ইঞ্জিনে আগুন লাগার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এ দিকে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে ব্যাহত হওয়া রেল যোগাযোগ বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরটিভি/এমএ


