
বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তের দাদার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর তাকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তাদের পরিবারের দুটি এবং শিশুটির দাদির দুটি মুঠোফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয়পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়। পরে শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকেলে মুঠোফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাই। পরে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


