
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে মালটার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পালানোর সময় অভিযুক্ত মোতলেব মন্ডলকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটির পর বাড়ি ফিরছিল শিশুটি। পথে পশ্চিম গোপিনাথপুর গ্রামের বাসিন্দা মোতলেব মন্ডল তাকে মালটার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির বসতঘরে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করতে করতে অভিযুক্তের বাড়ি থেকে বের হয়ে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়।
মামলার পর ঝিনাইদহ সদর থানার বেতাই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় আনুমানিক বিকেল ৫টার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত মোতলেব মন্ডলকে আটক করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




