ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: আরটিভি

দরজার সামনে পুলিশের গাড়ি থামতেই বুকের ভেতর জমে থাকা অপেক্ষাটা যেন আর ধরে রাখতে পারলেন না শেফালী বেগম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত তখন প্রায় ১১টা। গাড়ি থেকে নামলেন তার ছেলে বাদল ফরাজী। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন মা। স্বজনদের চোখেও তখন আনন্দের অশ্রু। বাদল মাকে বললেন, ‘এই তো আমি ফিরে আসছি।’

কথাটা ছোট। কিন্তু এর পেছনে জমে আছে ১৮ বছরের বিচ্ছেদ, কারাগারের দীর্ঘ দিন, আর একটি পরিবারের অসংখ্য অপেক্ষার গল্প।

বাগেরহাটের মোংলার মোর্শেদ রোডের সেই বাড়িতে ফিরেছেন বাদল। কিন্তু এই ফেরা পুরোপুরি ঘরে ফেরা নয়। মায়ের কাছে থাকার জন্য সময় পেয়েছেন মাত্র চার সপ্তাহ। এরপর আবারও তাকে ফিরে যেতে হবে কারাগারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল। পরে তাকে নেওয়া হয় বাগেরহাট জেলা কারাগারে। সেখান থেকে রাতে মোংলা থানায় মায়ের ও বোনের সঙ্গে দেখা হয়। এরপর পুলিশি পাহারায় তাকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে।

ছেলের ফেরার অপেক্ষায় সেদিন বাড়িতে খাবার তৈরি করেছিলেন বোনেরা। রান্না হয়েছিল শাকভাজি, গরুর মাংস ভুনা, ট্যাংরা মাছের ঝোল আর ডিম ভুনা। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে বসিয়ে নিজের হাতে খাবার তুলে দেন মা।

খাবারের পদগুলো হয়তো খুব সাধারণ। কিন্তু একজন মায়ের কাছে এই খাবারের প্রতিটি লোকমাই ছিল দীর্ঘদিনের অপূর্ণতার স্বাদ। যে ছেলেকে এত বছর কাছে বসিয়ে খাওয়াতে পারেননি, সেই ছেলেকে আবার নিজের হাতে খাওয়ানোর সুযোগ পেয়েছেন তিনি।

তবে আনন্দের এই মুহূর্তেও শেফালী বেগমের মনে স্বস্তি নেই। ছেলেকে ফিরে পেয়েও জানেন, দিন গুনতে গুনতে আবার বিদায়ের সময় চলে আসবে।

কথা বলতে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে সেই আকুতি। শেফালী বেগম বলেন, ‘আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারাজীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন। ওর বাবা মারা গেছে। আমার ছেলেটার সামনে আমি মরতে চাই।’

একজন মায়ের এই চাওয়ার মধ্যে কোনো বড় দাবি নেই। শুধু জীবনের শেষ সময়টুকু ছেলেকে কাছে পাওয়ার আকুতি।

বাদলের বোন আকলিমা বেগম জানান, অসুস্থ মায়ের পাশে কিছুদিন থাকার সুযোগ করে দিতে তারা এক মাসের প্যারোল চেয়েছিলেন। শেষ পর্যন্ত চার সপ্তাহের প্যারোল মঞ্জুর হয়েছে। পরিবারের প্রত্যাশা, এই সাময়িক মুক্তির পর বাদল যেন স্থায়ীভাবে মুক্তি পান।

বুধবার সকালেও বাড়িতে বাদলকে দেখতে আসেন স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হন। প্রতিবেশী মোহাম্মদ জামাল পেয়াদা বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্যারোলের নির্দেশনা অনুযায়ী বাদল ফরাজীর বিষয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। চার সপ্তাহের প্যারোলের শর্ত মেনেই তাকে বাড়িতে রাখা হয়েছে।

গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখার নির্দেশনায় ২০১৬ সালের প্যারোল নীতিমালার বিশেষ বিধান অনুযায়ী বাদল ফরাজীর চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, মানবিক কারণে প্রচলিত ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে।

বাদল ফরাজীর জীবনের এই দীর্ঘ কারাবাসের শুরু ২০০৮ সালে ভারতের দিল্লিতে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। ওই বছরের ৬ মে দিল্লির লাজপত নগরে নির্মলা মদন নামে এক বৃদ্ধা খুন হন। ভারতীয় পুলিশ এ ঘটনায় ‘বাদল সিং’ নামে এক গৃহকর্মীকে খুঁজছিল।

এর দুই মাস সাত দিন পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। অভিযোগ, নামের মিলের কারণে তাকে সেই বাদল সিং ভেবে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বাদল বারবার দাবি করেছিলেন, তিনি সেই ব্যক্তি নন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে নিজের বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে পারেননি বলে জানা যায়। তার কাছে পাসপোর্ট, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথি থাকার পরও ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

কারাগারের দেয়াল তার জীবন আটকে দিলেও পড়াশোনার ইচ্ছাকে থামাতে পারেনি। বন্দিজীবনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন বাদল।

২০১৮ সালের ৬ জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশের মাটিতে ফিরেও মুক্তি মেলেনি। কারাগারই হয়ে ওঠে তার ঠিকানা। এরই মধ্যে কারাগারে থাকা অবস্থায় মারা যান তার বাবা। বাবার মৃত্যুর সময়ও ছেলের পাশে থাকার সুযোগ হয়নি পরিবারের।

বাদলের দীর্ঘ কারাজীবন ও মামলার ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রচার-প্রচারণাও হয়েছে।

১৮ বছর পর বাদল এখন মায়ের ঘরে। পরিচিত উঠান, স্বজনদের মুখ, প্রতিবেশীদের ভালোবাসা আর মায়ের হাতে রান্না করা খাবার। এত দিন যে জীবন থেকে দূরে ছিলেন, সেই জীবনের স্বাদ আবার পাচ্ছেন তিনি।

কিন্তু বাড়ির এই আনন্দের মধ্যেই লুকিয়ে আছে আরেকটি বিদায়ের আশংকা। চার সপ্তাহ পর আবারও কারাগারে ফিরতে হবে তাকে। মা জানেন, দিন যত এগোবে, বিদায়ের সময়ও তত কাছে আসবে।

১৮ বছর পর ছেলেকে ফিরে পাওয়া শেফালী বেগমের কাছে তাই এই চার সপ্তাহ শুধু আনন্দের নয়, নতুন এক অনিশ্চয়তারও সময়।

যে ছেলেকে একদিন হারিয়েছিলেন, তাকে আবার হারাতে চান না এই মা। তার একটাই চাওয়া, চার সপ্তাহের এই সাময়িক ফেরা যেন একদিন স্থায়ী হয়। বাদল যেন আর কখনও মায়ের ঘর ছেড়ে কারাগারে ফিরে যেতে বাধ্য না হন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মাঠজুড়ে সোনালি পাকা ধানের সমারোহ থাকলেও অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর আমন চাষিরা। কাটা ও নুইয়ে পড়া ধান পানিতে ভিজে যাওয়ায় অনেক ধানে ইতোমধ্যে অঙ্কুরোদগম বা চারা গজাতে শুরু করেছে।
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
নওগাঁর মান্দায় রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মানিকগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন সংগ্রামী নারীকে সম্মাননা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ।
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
আরও পড়ুন
মহাবিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানী
ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
গ্রামীণ ব্যাংকে আগুনের চেষ্টা, গ্রেপ্তার ১