
গাজীপুরের শ্রীপুরের নিজমাওনা গ্রামে ফ্রিজ মেরামতের সময় বিস্ফোরণে চার জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজমাওনা গ্রামের সাইদুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিজমাওনা গ্রামের আব্দুল বারেকের ছেলে ফিরুজ( ৪০), আবু হানিফের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫), নুর মোহাম্মদের লে সাইদুল ইসলাম(৫০)। আহতদের মধ্যে সাইদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হলেও গুরুতর আহত ফিরুজ ও মঞ্জুরুলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বাড়ীর মালিক সাইদুল ইসলামের ভাষ্য, তার ব্যবহৃত একটি ফ্রিজ অচল হয়ে গেলে তিনি স্থানীয় মেকানিক ফিরুজকে মেরামতের জন্য ডাকেন। শনিবার সকালে ফিরুজ তার সহকারী মঞ্জুরুলকে নিয়ে তার বাসার কিচেন রুমে ফ্রিজটি ঠিক করছিলেন। পরে ঝালাই করার সময় বিস্ফোরণ ঘটলে তিনিসহ আরও তিনজন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে আসেন। দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ফ্রিজের বিস্ফোরণে চার জন আহত ছাড়াও আগুনে কিচেন রুমের জিনিষপত্রও পুড়ে গেছে।
আলহেরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর আনজুম বলেন, দগ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে। অপর দুজনের হাত পায়ের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
আরটিভি/ এসকেডি


