
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী দৈনিক আজকালের খবরের মুকসুদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি ও প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম চলছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/এমএ


