
গোপালগঞ্জে অনিবার্য কারণবশত আসন্ন আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষার কেন্দ্র বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এর পরিবর্তে জেলার পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার নির্ধারিত কেন্দ্রে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত গোপালগঞ্জ জেলার আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষাকেন্দ্রটি বাতিল করা হয়েছে। বাতিল করা কেন্দ্রের পরিবর্তে মাদারীপুর জেলার আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন পরীক্ষাকেন্দ্র হলো মাদারীপুর আহমাদিয়া কামিল মাদরাসা। গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদরাসায় নির্ধারিত পরীক্ষা আর সেখানে অনুষ্ঠিত হবে না।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোপালগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, দুই জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দুই পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
এর আগে, একই দিনে গোপালগঞ্জ জেলার ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্রও জেলার বাইরে স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানা যায়। ওই পরীক্ষার কেন্দ্রগুলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আরটিভি/এমএ



