
বাংলাদেশে স্মার্ট ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং দক্ষ জনবল উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা) প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
‘স্মার্ট-গ্রিন শিপ রিসাইক্লিং টেকনোলজি ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় চট্টগ্রামের কোরিয়া-বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করছে কইকা।
সভায় বাংলাদেশের শিপ রিসাইক্লিং খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও দক্ষ জনবল উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা দেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. রাশিদুল হাসান।
পরে প্রস্তাবিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন কইকা প্রতিনিধিরা। এতে গ্রিন শিপ রিসাইক্লিং ও রিসোর্স ম্যানেজমেন্ট, শিপ মেশিনারি রক্ষণাবেক্ষণ, শিল্প স্বাস্থ্য ও নিরাপত্তা, পরিবেশ প্রযুক্তি এবং ডিজিটাল ওয়েল্ডিং বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় শিপ রিসাইক্লিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও কইকার মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিপ রিসাইক্লিং খাতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের নিরাপদ ও টেকসই শিপ রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন কমডোর মো. বেঞ্জির মাহমুদ।
আরটিভি/ এসকেডি



