ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম
ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

শনিবার (২ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি পাঠ্যপুস্তক প্রণয়ন, ছাপা, বিতরণ ইত্যাদি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতোমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে, সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে। নিম্নমানের বই সরবরাহের সঙ্গে যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তক ছাপায় গুণগত মানে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। কাগজ, কালি, ছাপাখানা ইত্যাদি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী চান দেশীয় মুদ্রণশিল্প গড়ে উঠুক, তাই এ বছর বিদেশি কোনো কোম্পানিকে মুদ্রণের কাজ দেওয়া হয়নি। আমরা পূর্বেও সময়মতো গুণগত মানের বই ছাপাতে পেরেছি, আশা করি আগামীতেও পারব ইনশাআল্লাহ।

মন্ত্রী আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ১৫০টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করা রয়েছে। ভবিষ্যতে এই কর্মসূচি সারাদেশে বিস্তৃত করা হবে।

মানসম্মত খাবার সরবরাহের লক্ষ্যে ‘মিড ডে মিল’ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, মিড ডে মিল কর্মসূচিতে আগামীতে শিক্ষার্থীরা কুপন দিয়ে ক্যান্টিন থেকে নিজেদের খাবার কিনতে পারবে।

এছাড়াও খাদ্য তালিকায় আরও নতুন খাদ্য যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় অর্থনীতিকে গতিশীল ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে খাবার সরবরাহ প্রক্রিয়া বিকেন্দ্রীকরণ করার ভাবনাও রয়েছে। এই ব্যবস্থা প্রথমে কয়েকটি জেলায় পাইলটিং করে পরবর্তীতে সারাদেশে বাস্তবায়ন করা হবে।

তিনি এ সময় চতুর্থ শ্রেণিতে স্পোর্টস ও কালচারাল বই অন্তর্ভুক্তির কথা বলেন। আমরা কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে নতুন সিলেবাস প্রণয়ন করছি। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করার পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। এসব প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালু করা হবে। সৌদি আরবেও টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে বলে তিনি জানান। আগামীতে পরীক্ষার দুই সেট প্রশ্ন দুই জায়গায় করা হবে বলে তিনি জানান। বিজি প্রেস ও আর্মি সিকিউরিটি প্রেস থেকে করা হবে। পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যাতে সময় হারিয়ে না যায়, সে জন্য পরীক্ষা সময়মতো নেওয়া হবে এবং বর্ষাকালীন দুর্যোগও পরিহার করা হবে।

তিনি বলেন, বাস্তবতার নিরীখেই পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পরিবর্তন আনা হয়েছে। আমরা বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রস বর্ডার এডুকেশন সিস্টেম চালু করতে যাচ্ছি। যেসব বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানদণ্ডে পাঁচশোর মধ্যে রয়েছে, তাদের বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দিতে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে।

মন্ত্রী এ সময় কচুয়ার সামগ্রিক উন্নয়নে এ অঞ্চলের সকলকে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ জনবল তৈরি করতে হলে কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষার বিকল্প নেই। তাই কচুয়ার শিক্ষার্থীদের দক্ষ জনবল তৈরি করতে এখানে কারিগরি শিক্ষার ওপর অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। কচুয়ার প্রতিটি সেক্টরের উন্নয়নে সেখানে সেডো মিনিস্টার ও কমিটি করা হবে বলে তিনি জানান।

জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কচুয়ার বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় কচুয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিভ টুগেদার, গর্ভপাতসহ ইবির জিহাদুলের বিরুদ্ধে যত অভিযোগ
বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক, গর্ভপাত করানো ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। পরে তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভুক্তভোগীর দেওয়া অভিযোগপত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাসে জিহাদুল করিমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মৌখিক ও লিখিতভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ব্ল্যাকমেইল এবং আর্থিক সুবিধা নিতেন জিহাদুল করিম। এ ছাড়া ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন হোটেল বুকিং দেওয়ার অভিযোগও তুলেছেন ওই ছাত্রী। পাশাপাশি তাকে গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ করেন তিনি। এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি গত সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটি বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের লক্ষ্যে উভয়কে বিবাহের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছিল। কিন্তু অভিযুক্ত ছাত্র বিবাহের প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়ায় বিষয়টি সামনে চলে আসে। তবে বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট’ (শিক্ষার্থীদের আচরণবিধি) অনুসারে তাদের নৈতিক স্খলনের দায়ে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জিহাদুল করিম বলেন, আমাদের চার বছরের সম্পর্ক ছিল। এখানে প্রলোভন আসবে কীভাবে? বরং উভয়ের সম্মতিতে সবকিছু হয়েছে।  গর্ভপাতের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বাচ্চা কনসিভ হওয়ার বিষয়টি সত্য। তবে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়নি। সবকিছুই সম্মতিতেই হয়েছে। নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, গত ৮ জুন সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় গেলে থানা কর্তৃপক্ষ তাকে কোনো ধরনের সহায়তা করেনি। দীর্ঘ সময় থানায় অবস্থান করার পরও তার অভিযোগ গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ। মামলা বা জিডি না নেওয়ার অভিযোগের বিষয়ে ইবি থানায় যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীর দাবি, জিহাদুল করিম ভুয়া কাবিননামা ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে ‘পুরোটাই মিথ্যা ও বানোয়াট তথ্য’ দিয়েছেন। এসব ডকুমেন্ট তৈরিতে জিহাদুলের বন্ধু আমিরুল ইসলাম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, শিক্ষাবর্ষ: ২০১৯-২০) সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জিহাদুল করিম তার খালাতো ভাই রাকিব ইসলাম ও বন্ধু মিরাজের পরামর্শে তাকে জোরপূর্বক গর্ভপাত করিয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী। এদিকে, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আমিরুল ইসলাম বলেন, আমি না, শুধু সবাই জানত যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। এর বাইরে আর কিছুই জানি না। আমি পোর্টালে আমার নাম দেখে বন্ধুকে কল দিয়েছিলাম। সে নিজেও বলছে, আমার নাম কীভাবে আসল? বিশ্ববিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুজনের সম্মতিতে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিয়ে করবেন বলে তারা লিখিত চুক্তিও করেন। বিয়ে ছাড়াই তারা লিভ টুগেদার করেন। ফলে গর্ভবতী হয়ে গেলে চূড়ান্ত বিয়ের সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। কিন্তু ছেলে সময় নিলে মেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। পরে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালে দুজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করে কমিটি। ওই সময় মেয়ের পরিবার ও ছেলের পরিবার উপস্থিত হলে ছেলের পরিবার ৫০ হাজার টাকা দেনমোহর এবং মেয়ের পরিবার ৫ লাখ টাকা দাবি করেন। দেনমোহর নিয়ে বনিবনা না হলে পরে ছেলের পরিবার সরে যায় এবং ঘটনাটি পুরোপুরি অস্বীকার করে। মেয়েটির মা নেই, বাবা প্রবাসী। শক্ত অভিভাবক না থাকায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় যায়নি। আরটিভি/টিআর
লিভ টুগেদার, গর্ভপাতসহ ইবির জিহাদুলের বিরুদ্ধে যত অভিযোগ
পাবিপ্রবিতে হলের রুম দখলের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) হল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জুলাই-৬ হলের ছয়টি স্টোররুমের তালা ভেঙে অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে নিশান নামে এক শিক্ষার্থী বিরুদ্ধে। অভিযুক্ত নিশান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারী। সরেজমিনে জুলাই-৬ হলের দশটি স্টোররুম ঘুরে দেখা গেছে, হলের নিচতলা, দ্বিতীয় তলা, চতুর্থ তলা ও ষষ্ঠ তলা ছাড়া বাকি ছয়টি স্টোররুমের দরজার তালা ভেঙে সেখানে ছাত্রদলের বিভিন্ন কর্মী অবস্থান করছেন। স্টোররুমে অবস্থান করা শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. সিহাব হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিয়াম, পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনিক দাস ও উৎসব কুমার। খোঁজ নিয়ে জানা গেছে, দশম তলার ১০২৪ নম্বর রুমে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) অনিক দাস দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। হল প্রভোস্টের অনুমতি ছাড়া কীভাবে তিনি এই রুমটি পেলেন—এমন প্রশ্নের জবাবে অনিক দাস বলেন, এই রুমটি নিশান ভাইয়ের (ছাত্রদল কর্মী, গণিত বিভাগ, ১৬ ব্যাচ)। তিনি আমাকে উঠিয়ে দিয়েছেন। নবম তলার ৯২৪ নম্বর রুমে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) উৎসব কুমার অবস্থান করছেন। স্টোররুমটিতে কীভাবে উঠেছেন জানতে চাইলে উৎসব কুমার বলেন, আমাকে নিশান ভাই রুমে উঠিয়ে দিয়েছেন। ভাইয়ের কাছে চাবি ছিল, তালা খুলে আমাকে তুলে দিয়েছেন। পঞ্চম তলার ৫২৪ নম্বর রুমে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৫ ব্যাচ) সিহাব হোসেন অবস্থান করছেন। তৃতীয় তলার ৩২৪ নম্বর রুমে গিয়ে দেখা যায়, রুমটিতে তালা ঝুলছে। তবে হল প্রশাসনের পক্ষ থেকে দেওয়া তালাটি সেখানে নেই। রুমের দেয়াল ও দরজায় বড় অক্ষরে লেখা রয়েছে ‘সিয়াম, বিবিএ—১৭তম ব্যাচ’। এভাবে হলের বাকি ফ্লোরগুলোর স্টোররুমগুলোও বিভিন্ন ছাত্রদল কর্মীর দখলে থাকার অভিযোগ উঠেছে। হল প্রশাসনের দেওয়া তালা ভেঙে রুমগুলোতে নতুন তালা ঝুলতে দেখা গেছে। তবে একাধিকবার চেষ্টা করেও তাঁদের রুমে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কর্মী নিশান বলেন, তালা ভাঙা হয়নি। নবম তলার স্টোররুমের তালা খোলাই ছিল। আর দশম তলার স্টোররুমে স্থাপত্য বিভাগের দুজন শিক্ষার্থী তাদের কিছু জিনিস রেখেছিলেন। তাদের দুজনের পারিবারিক অবস্থা অনেক খারাপ হওয়ায় আমি হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করি, যেন তাদের ওই রুমে থাকতে দেওয়া হয়। পরে তারা প্রভোস্টের কাছ থেকে অনুমতি নিয়েই রুমে অবস্থান করছেন। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, স্টোররুম দখলের বিষয়ে আমি কিছুই জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। হল প্রশাসনের অনুমতি ছাড়া কারও স্টোররুমে থাকার কোনো সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আরটিভি/টিআর
পাবিপ্রবিতে হলের রুম দখলের অভিযোগ
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে আসেনি, কাজ করতে এসেছে: রাবি উপাচার্য
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে আসেনি, কাজ করতে এসেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। উপাচার্য বলেন, আমার প্রশাসন কৃতিত্ব নেওয়ার জন্য আসেনি, কাজ করার জন্য এসেছে। আমরা সেটাই করব এবং করে যাব। আমাদের সহযোগিতা করুন। আপনাদের দাবিগুলো খুব বেশি কিছু নয়। একটি র‍্যাম্প নির্মাণ, লিফট স্থাপন—এগুলো সামান্য কাজ। কোটি কোটি টাকার কাজ হচ্ছে, আপনাদের কাজ কেন হবে না? আপনারা নিজেদের সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে গড়ে তুলুন এবং আগামীর জন্য প্রস্তুত হন। আল্লাহ যদি আমাদের দায়িত্বে রাখেন, তাহলে আপনাদের পাশে আছি এবং থাকব। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য বলেন, ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ছেলেমেয়েদের দেখলে আমার চোখের সামনে স্টিফেন হকিংয়ের চেহারা ভেসে ওঠে। রাতে ঘুমানোর আগে আমি বারবার স্টিভি ওয়ান্ডারের গান শুনতে পছন্দ করি। স্টিভি ওয়ান্ডার জন্মান্ধ ছিলেন। তিনি গোটা বিশ্ব জয় করেছেন। আমি হেলেন কেলারের কথা চিন্তা করি। দেখি মাইকেল জে. ফক্সকে, যিনি পারকিনসন রোগে ভুগেছেন। অসাধারণ মানসিক শক্তি দিয়ে তাঁরা পৃথিবী জয় করতে পেরেছেন, যেখানে আমাদের মতো স্বাভাবিক অবস্থায় থাকা অনেকেই তা পারেননি। এটাই আপনাদের শক্তি।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে নানা বাধা আসবে, তবে মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তা মোকাবিলা করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস, সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী। আরটিভি/টিআর
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে আসেনি, কাজ করতে এসেছে: রাবি উপাচার্য
গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...
গোসল করাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মশিউর রহমান হলের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে ভুক্তভোগীর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা। এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগকারী জুয়েল আল ইমরান ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ মশিউর রহমান হলের আবাসিক ছাত্র। অভিযুক্ত তানভীর হক একই শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। ঘটনার সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাজিন মাহমুদ খান কাব্য, অস্কারসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভুক্তভোগী জুয়েল আল ইমরানের অভিযোগ, শুক্রবার দুপুরে তিনি গোসল করতে ওয়াশরুমে গেলে সেখানে একটি বালতি দেখতে পান। তিনি বালতিটি বাইরে রেখে গোসল শুরু করেন। এ সময় তানভীর হক এসে ওয়াশরুমের দরজায় কয়েকবার নক করেন। পরে জুয়েল বের হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর জুয়েল নিজ কক্ষে চলে গেলে তানভীর সেখানে গিয়ে তাকে হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। জুয়েলের ভাষ্য, পরে তার বন্ধুরা বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে তাকে ক্যাম্পাসের আমতলায় নিয়ে যান। সেখানে তানভীর হক, রাজিন মাহমুদ খান কাব্য, অস্কারসহ কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। একপর্যায়ে তানভীর হঠাৎ তার বাম কানে থাপ্পড় মারেন এবং বুকে লাথি দিলে তিনি পড়ে যান। এরপরের ঘটনা তার আর মনে নেই বলে জানান জুয়েল। পরে সহপাঠীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল বলেন, জুয়েলের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কানে রক্ত জমেছে। তার ধারণা, কানের পর্দা ছিদ্র হয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত করতে দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে কানের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া যাবে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তানভীর হক বলেন, গোসলের সময় ওয়াশরুমে থাকা তার কাপড়ভর্তি বালতি বাইরে রেখে জুয়েল গোসল করতে যান। বিষয়টি জানতে তিনি দরজায় নক করলে জুয়েল তার সঙ্গে উগ্র আচরণ করেন। পরে বিষয়টি সমাধানের জন্য জুমার নামাজের পর আমতলায় দুই পক্ষের কয়েকজন বসেন। সেখানে কথা বলার একপর্যায়ে জুয়েল ও তার বন্ধুরা তার সঙ্গে মারমুখী আচরণ করেন। ধাক্কাধাক্কির মধ্যে তিনি জুয়েলকে একটি থাপ্পড় দেন। পরে বিষয়টি গুরুতর মনে হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। জুয়েলের কানে গুরুতর সমস্যা হয়েছে, তা তিনি শনিবার সকালে জানতে পারেন বলে দাবি করেন তানভীর। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রাজিন মাহমুদ খান কাব্য বলেন, তারা বিষয়টি নিজেদের ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছিলেন। এ জন্য সবাই একসঙ্গে বসেছিলেন। কথা বলার একপর্যায়ে তানভীর হক জুয়েলকে কানে থাপ্পড় মারেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, পরে তারা জুয়েলকে হাসপাতালে নিয়ে যান। শহীদ মশিউর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান বলেন, জুয়েল হলের ৪২৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। গোসলের সময় তানভীর হকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে তারা হলের বাইরে আমতলায় গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। সেখানে একপর্যায়ে তানভীর জুয়েলের বাম কানে থাপ্পড় দেন। পুরো ঘটনা লিখিতভাবে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, প্রধান চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে এবং তার লিখিত অভিযোগও পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জুয়েলকে নাক-কান-গলা বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান তিনি। এদিকে, অভিযুক্ত তানভীর হক চট্টগ্রামের বাকলিয়া থানা ছাত্রদলের কর্মী এবং রাজিন মাহমুদ খান কাব্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের একটি গ্রুপের অনুসারী—এমন দাবি করা হয়েছে। তবে এ রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরটিভি/টিআর
গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...
ছেলেদের হলে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর...
ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলে গোসলের ভিডিও ধারণকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ-এর শিক্ষার্থী মোদ্দাদেকুর রহমানকে আটক করা হয়েছে। এসময় তাকে মারধর করে কলেজ প্রশাসনের জিম্মায় দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশ ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যস্ততায় ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  শনিবার (৩ অক্টোবর) বেলা ১টার দিকে শিক্ষার্থীরা তাকে আটক করে। জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত মোদ্দাদেকুর রহমান সিটি কলেজ থেকে বিবিএতে অনার্স এবং বিইউপি থেকে এমবিএতে মাস্টার্স করেছেন। ওয়াসরুমের ভিডিও ধারণের সময় শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা। আটকের পর তার মানসিক ও হরমোনজনিত সমস্যা আছে বলে দাবি করেন ওই শিক্ষার্থী।  এ বিষয়ে ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, বহিরাগত একজনকে হলের আবাসিক শিক্ষার্থীদের গোসলের ভিডিও ধারন করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। তখন শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে অবগত করেন। পরে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার অভিভাবককে অবগত করে। সে যে ভিডিওটা করছে, এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর  কাছে স্বীকারোক্তি দিয়েছে। তিনি জানান, অভিভাবকরা তার মানসিক সমস্যার কথা বলছেন। তবে তাকে থানায় সোপার্দ করা হয়েছে নাকি অভিভাবকের কাছে সোপার্দ করা হয়েছে, এই বিষয়ে নিশ্চিত করেন নি। আরটিভি/ এসকেডি 
ছেলেদের হলে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর...
আরও পড়ুন
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ
প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী