
রসায়নের পর্যায় সারণি, মৌলের রাসায়নিক সংকেত ও পারমাণবিক সংখ্যা মনে রাখাকে সহজ করতে অভিনব একটি পদ্ধতি নিয়ে বই লিখেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী রাকিব আহমাদ। তার দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টার ফসল ‘দ্য পার্ক মডেল’। শিক্ষার্থীদের কাছে রসায়নের জটিল বিষয়গুলো সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে লেখা বইটি ইতোমধ্যে দেশের অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারিতে যুক্ত হয়েছে।
‘দ্য পার্ক মডেল’-এ PARK Model-এর মাধ্যমে পর্যায় সারণির বিভিন্ন মৌলের নাম, রাসায়নিক সংকেত ও পারমাণবিক সংখ্যা সহজে মনে রাখার কৌশল তুলে ধরা হয়েছে। পাশাপাশি পারমাণবিক সংখ্যা দ্রুত নির্ণয়ের একটি পদ্ধতি এবং ছন্দ, সূত্র ও বিভিন্ন স্মরণ-কৌশলের মাধ্যমে মৌলগুলোর তথ্য আয়ত্ত করার উপায়ও বইটিতে উপস্থাপন করা হয়েছে। ফলে প্রচলিত মুখস্থনির্ভর পদ্ধতির বাইরে শিক্ষার্থীরা পর্যায় সারণি শেখার একটি বিকল্প কৌশল পেতে পারেন।
বইটির প্রত্যয়নপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কায়সার আহমেদ রকি স্বাক্ষর করেছেন। প্রত্যয়নপত্রে তিনি PARK Model-কে পর্যায় সারণির মৌল ও তাদের পারমাণবিক সংখ্যা সহজে নির্ণয় এবং মনে রাখার একটি নতুন ও কার্যকর পদ্ধতি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, বইটিতে ব্যবহৃত বিভিন্ন ধারণা ও কৌশল শিক্ষার্থীদের পর্যায় সারণির মৌলিক বিষয়গুলো বুঝতে এবং দীর্ঘসময় মনে রাখতে সহায়তা করতে পারে।
প্রত্যয়নপত্রে আরও বলা হয়েছে, বিশেষ করে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং উচ্চশিক্ষায় রসায়ন অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বইটি সহায়ক হতে পারে। একই সঙ্গে এ ধরনের সহজবোধ্য পদ্ধতি শিক্ষার্থীদের রসায়নের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরিতেও ভূমিকা রাখতে পারে।
লেখক রাকিব আহমাদের ভাষ্য অনুযায়ী, নবম শ্রেণিতে পড়ার সময় PARK Model নিয়ে তার ভাবনার শুরু। এরপর শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে নিজের চিন্তাকে পরিমার্জন, সংশোধন, সংযোজন ও পুনর্গঠনের মাধ্যমে পদ্ধতিটিকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ দেন তিনি। প্রায় পাচ বছরের ধারাবাহিক প্রচেষ্টার পর ২০১৯ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে বইটির মূল কাঠামো সম্পন্ন করেন। তবে বিভিন্ন বাস্তবতা ও প্রকাশনা-সংক্রান্ত জটিলতার কারণে বইটি প্রকাশে দীর্ঘ সময় লেগে যায়। অবশেষে ২০২৬ সালে ‘দ্য পার্ক মডেল’ প্রকাশিত হয়।
রাকিব আহমাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় রসায়ন তার অন্যতম শক্তিশালী বিষয় ছিল। সে সময় পর্যায় সারণি ও মৌলের পারমাণবিক সংখ্যা সহজে শেখার একটি কার্যকর পদ্ধতির প্রয়োজনীয়তা থেকেই তার কাজের পরিধি আরও বিস্তৃত হয়। পরবর্তী সময়ে নিজের তৈরি পদ্ধতিকে আরও পরিশীলিত করে বই আকারে প্রকাশের উদ্যোগ নেন তিনি।
তিনি বলেন, এইচএসসি পর্যায়ের পড়াশোনা ও পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং রসায়ন-সংশ্লিষ্ট উচ্চশিক্ষার বিভিন্ন কোর্সে বইটি শিক্ষার্থীদের কাজে আসবে বলে তিনি আশা করেন। তার মতে, বইটির মাধ্যমে একজন শিক্ষার্থীও যদি রসায়নের ভয় কাটিয়ে বিষয়টিকে সহজভাবে বুঝতে ও ভালোবাসতে শেখে, তাহলেই তার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হবে।
রাকিব আহমাদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমএসসি অধ্যয়নরত আছেন।
শিক্ষাজীবনের পাশাপাশি বর্তমানে একটি স্টার্টআপ নিয়েও কাজ করছেন রাকিব আহমাদ। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান স্টার্টআপের সঙ্গে ‘দ্য পার্ক মডেল’-এর রয়েছে চমকপ্রদ একটি সাদৃশ্য। বিষয়টি আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও লেখকের মতে, এই সাদৃশ্যটি বাস্তব এবং তার কাজের সঙ্গে এর একটি বিশেষ যোগসূত্র রয়েছে।
রকমারিতে বইটি অন্তর্ভুক্ত হওয়ার ফলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের কাছে ‘দ্য পার্ক মডেল’ পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। লেখকের প্রত্যাশা, পর্যায় সারণি ও মৌলের পারমাণবিক সংখ্যা শেখার ক্ষেত্রে প্রচলিত মুখস্থনির্ভরতার পাশাপাশি PARK Model শিক্ষার্থীদের জন্য সহজ, স্মরণযোগ্য ও কার্যকর একটি বিকল্প পদ্ধতি হিসেবে জায়গা করে নেবে।
আরটিভি/ এসকেডি


