
বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে যবিপ্রবিতে ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপ-উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যে যত বেশি তথ্যে সমৃদ্ধ, সে নিজেকে তত ভালোভাবে তৈরি করতে পারবে। তথ্য জানার আগ্রহ এবং আত্মপ্রেরণাই উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে।
তিনি আরও বলেন, বিদেশ থেকে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জন শেষে আমাদের আবার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে হবে। কারণ দেশের সাধারণ মানুষের অর্থেই আমরা পড়াশোনা করছি। অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর মাধ্যমেই কেবল দেশের প্রতি সঠিক দায়িত্ব পালন করা সম্ভব।
যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জীবনের পথচলায় শিক্ষক কিংবা শিক্ষার্থী—সবারই নিজ নিজ জায়গা থেকে আলাদা সংগ্রাম ও সীমাবদ্ধতা থাকে। মানুষ হিসেবে আমাদের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। জয়ীদের গল্পের আড়ালে বিজিতদের যে কঠিন সংগ্রাম থাকে, সেই পরাজিত হওয়ার অভিজ্ঞতা ও দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করতে পারলেই চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব।
সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকার ইউএসএ অ্যাম্বাসির শিক্ষাবিষয়ক উপদেষ্টা রিফাত স্বপ্নীল ও সায়নান রহমান। বক্তারা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদনের বিভিন্ন ধাপ তুলে ধরেন। তারা স্টেটমেন্ট অব পারপাস প্রস্তুতকরণ, রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, টোফেল বা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং প্রফেসরদের সঙ্গে যোগাযোগের সঠিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা।
আরটিভি/টিআর




