
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে জবি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ আয়োজন শুরু হয়। দুই দিনব্যাপী প্রদর্শনীর প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগীর ক্যালিগ্রাফি প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আয়োজন প্রসঙ্গে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও নান্দনিকতাকে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আওরীন বলেন, এ আয়োজনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ এবং ইসলামের সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
প্রদর্শনী দেখতে এসে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ বলেন, ‘ক্যালিগ্রাফিগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ। জকসুর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও হবে বলে আশা করছি।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা তিনজনের জন্য রয়েছে সম্মানী, আকর্ষণীয় পুরস্কার ও সীরাতগ্রন্থ। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হবে সম্মাননা সনদ।
আরটিভি/টিআর




