
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমান।
আগামী ১১ ও ১২ অক্টোবর, দুই দিনের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করবেন। এ কারণে তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের জন্য অধ্যাপক আরাফাত রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, অধ্যাপক আরাফাত রহমানকে আগামী ১১ ও ১২ অক্টোবরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়, ইউজিসি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থার মধ্যে দায়িত্ব পালন প্রসঙ্গে অধ্যাপক আরাফাত রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার লক্ষ্যে বোঝানোর চেষ্টা করবেন তিনি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। ফলে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
আরটিভি/এসআর




