
পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মারামারির ভিডিও ধারণ করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আরটিভির সংবাদদাতা আবু তাহেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে ধাক্কাধাক্কি করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলার অভিযোগও উঠেছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেছনে এ ঘটনা ঘটে।
সংবাদদাতা আবু তাহেরের ভাষ্য, কলা ভবনের পেছনে ঝোপের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের তিন শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করছিলেন। এ সময় তিনি দূর থেকে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণের বিষয়টি দেখে ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী অন্যদের জানালে কয়েকজন তার কাছে এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
তিনি জানান, এ সময় শিক্ষার্থীরা তার সঙ্গে জোরজবরদস্তি করেন, দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেন এবং ধাক্কাধাক্কি করেন। কয়েকজন তার শার্টের কলার ধরে টানাটানি করেন। পাশাপাশি তাকে হুমকি দিয়ে বলেন, ‘ভিডিও যদি পোস্ট হয়, তোরে শেষ কইরা ফেলমু’ এবং ‘ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু।’
আবু তাহের আরও জানান, তিনি কয়েকবার তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং ভিডিও মুছে দেওয়ার কথাও বলেন। এরপরও তাকে ছাড়েননি শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে দেন।
পরে অভিযুক্ত শিক্ষার্থীরা আবার তার কাছে এসে মোবাইল ফোন কেড়ে নেন এবং ফোনে থাকা ভিডিওটি মুছে দেন বলে অভিযোগ করেন আবু তাহের। এ সময় তারা ফোনের গ্যালারিসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করে দেখেন। পরে ফোনটি তাকে ফেরত দেওয়া হয়।
প্রাথমিকভাবে শনাক্তকৃত অভিযুক্তরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের আব্দুল কাদির জিলানী, রায়হান আহমেদ, হোসাইন চৌধুরী, দিদারুল, মাছুদ রানা মবিন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রায়হান তালুকদারের নাম জানা গেছে। এ ছাড়া আরও দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
আরটিভি/জেএমএ




