
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙ্গার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।
কর্মসূচিতে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকি, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীসহ বিভিন্ন প্রজাতির গাছ।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।
এ ছাড়া পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ আলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি


