
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের উদ্যোগে বিভাগীয় জার্নাল 'Journal of Governance and Development Review'-এর আনুষ্ঠানিক ওয়েবসাইট ও ছাত্র কল্যাণ তহবিল উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি উদ্যোগের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তানজিল আহমেদসহ বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে উপাচার্য জার্নালটির ওয়েবসাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, জার্নালটিকে আন্তর্জাতিক মানের জার্নালে রূপান্তর করতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে ছাত্র কল্যাণ তহবিলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ তহবিলের কার্যক্রম আরও বিস্তৃত হবে।
বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মাহযাবিন সুলতানা মিতুল বলেন, জার্নালটির ওয়েবসাইট চালু বিভাগের অগ্রগতির একটি প্রতিফলন। এর মাধ্যমে জার্নালটির গুণগত মান বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকরা সহজে ও স্বচ্ছতার সঙ্গে অনলাইনে তাদের গবেষণাধর্মী প্রবন্ধ জমা দিতে পারবেন।
তিনি আরও বলেন, ওয়েবসাইটের মাধ্যমে জার্নালে প্রকাশিত লেখাগুলো পাঠকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। এর ফলে জ্ঞান ও গবেষণার বিস্তার ত্বরান্বিত হবে। এছাড়া শিক্ষার্থীদের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং পড়াশোনায় উৎসাহিত করতে বিভাগ ছাত্র কল্যাণ তহবিল থেকে সহায়তা কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে তহবিলের সব দাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ।
আরটিভি/জেএমএ


