
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সাইকেল চালকদের একটি দলের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার (৭ নভেম্বর) সকালে অঙ্গরাজ্যটির ওয়েক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। গাড়িচালক মাদকাসক্ত বা অন্য কোনো কারণে স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে সন্দেহ করছে পুলিশ।
পুলিশ জানায়, ৭৬ বছর বয়সী ডোনাল্ড রবার্ট মরিস-জোনস অপটিমিস্ট ফার্ম রোড দিয়ে গাড়ি চালানোর সময় রাস্তার মাঝের বিভাজক রেখা অতিক্রম করে সাইকেল চালকদের একটি দলকে ধাক্কা দেন। এরপর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রায় আধা মাইল দূরে রাস্তার পাশে একটি খাদে পড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
এ ঘটনায় নিহত ব্যক্তির নাম প্যাট্রিক অ্যালেন টার্নার (৬৩)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় গাড়িচালক মরিস-জোনসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ, গুরুতর আহত করার সাতটি অভিযোগ, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার আটটি অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে চালকের স্বাভাবিক অবস্থায় না থাকার বিষয়টি ভূমিকা রাখতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তাকে ওয়েক কাউন্টি কারাগারে রাখা হয়েছে। তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


