
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম।
বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গোলাম রব্বানী শামীম রুয়েটের সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বয়স ৩৮ বছর। তার পিতার নাম মৃত মোহাম্মদ জহির উদ্দিন। তার বয়স ৩৮ বছর। তার পিতার নাম মৃত মোহাম্মদ জহির উদ্দিন এবং পৈতৃক বাড়ি শেরপুর জেলায় বলে জানা গেছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তারের পাশাপাশি ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে জানানো হয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন শামীম। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ঐ এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।
আরটিভি/ এসকেডি


