
মেক্সিকোর পুয়েবলা শহরে ঐতিহ্যবাহী রোসকা দে রেয়েস বা থ্রি কিংস ব্রেড উৎসবের সময় নতুন এক বিশ্বরেকর্ড গড়া হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক আন্দ্রেস রোজাস টোলেডোর তথ্য অনুযায়ী, প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের একটি বিশাল রুটি তৈরি করা হয়েছে, যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।
১৯ হাজার ১০টি ছোট ছোট টুকরো দিয়ে তৈরি এই রুটির মোট দৈর্ঘ্য ছিল প্রায় ৬ হাজার মিটার বা ৬ কিলোমিটার। প্রতিটি টুকরোর দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ সেন্টিমিটার। পুয়েবলার মেয়র হোসে চেদ্রাউই এই বিশাল কর্মযজ্ঞের জন্য স্থানীয় রুটি কারিগর ও গ্রান বোদেগা কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছেন।
খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে, যিশুর জন্মের পর তিন জ্ঞানী ব্যক্তির আগমনের স্মরণে প্রতি বছর ৬ জানুয়ারি এই উৎসবটি পালিত হয়। মেক্সিকোর ঐতিহ্য অনুযায়ী, এই বিশাল রুটির ভেতরে ছোট ছোট যিশুর প্লাস্টিকের প্রতিকৃতি লুকানো থাকে। যার রুটির টুকরোয় এই প্রতিকৃতি পাওয়া যায়, তিনি আগামী ২ ফেব্রুয়ারি ‘ক্যান্ডেলমাস ডে’ বা মোমবাতি দিবসের ভোজের আয়োজন করেন।
শহরের এই ঐতিহাসিক রেকর্ড গড়া রুটির গন্ধ আর হাজারো মানুষের উৎসবমুখর পরিবেশ পুরো এলাকা মাতিয়ে তুলেছে।
আরটিভি/এসকে



