
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট-১ থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ও কমিউনিটি নেত্রী শাজিয়া হক। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে তিনি কাউন্সিলমেম্বার পদের জন্য লড়াই করছেন।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিনের পরিচিত মুখ শাজিয়া হক ব্যবসা, সমাজসেবা এবং স্থানীয় নাগরিক নেতৃত্বের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশে জন্ম নেওয়া শাজিয়া লালমাটিয়া কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে তিনি লস অ্যাঞ্জেলেস ভ্যালি কলেজ থেকে লিবারেল আর্টসে অ্যাসোসিয়েট ডিগ্রি এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি চ্যালেন আইল্যান্ডস থেকে মনোবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ায় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন।
নাগরিক নেতৃত্বেও অভিজ্ঞতা রয়েছে এই বাংলাদেশি উদ্যোক্তার। তিনি লস অ্যাঞ্জেলেসের উইলশায়ার সেন্টার-কোরিয়াটাউন নেবারহুড কাউন্সিলের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০১২ সাল থেকে প্রবাসীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফোবানার (উত্তর আমেরিকা বাংলাদেশি সম্মেলন) বিভিন্ন কার্যক্রম এবং স্থানীয় লিটল বাংলাদেশ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তিনি নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
শাজিয়া হকের নির্বাচনি ইশতেহারে স্থানীয় জননিরাপত্তা জোরদার, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি, কার্যকর বাজেট ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং নাগরিকদের সরাসরি সমস্যার কথা শোনার বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। পাশাপাশি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশের কারণে লস অ্যাঞ্জেলেসে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অধিকার নিয়েও তিনি সোচ্চার ভূমিকা রেখেছেন।
মন্টেবেলো সিটির সরকারি সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভার এই নির্বাচনে ডিস্ট্রিক্ট-১ আসনে বিজয়ীর মেয়াদ হবে চার বছর (২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত)। এই নির্বাচনে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসনে প্রবাসীদের অংশগ্রহণের একটি নতুন মাইলফলক উন্মোচিত হবে বলে আশা করছে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটি।
আরটিভি/এআর


