যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে সম্ভাব্য ধর্মঘটের শঙ্কা আপাতত কেটেছে। শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলায় আলোচনার সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের সংগঠন প্যাসিফিক মেরিটাইম অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। বন্দরের প্রায় ২৫০ জন নিরাপত্তাকর্মীর প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠনটির সঙ্গে নতুন করে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এসব নিরাপত্তাকর্মী বন্দরের প্রবেশপথে পণ্যবাহী ট্রাক ও কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের ওপর নজরদারির দায়িত্ব পালন করেন।
নিয়োগকর্তাদের সংগঠন জানিয়েছে, এসব কর্মী ধর্মঘটে গেলে লং বিচ বন্দরের প্রায় ৮৫ শতাংশ এবং লস অ্যাঞ্জেলেস বন্দরের ৩৩ শতাংশ পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হতে পারে।
সম্প্রতি দুই বন্দরেই সেপ্টেম্বর মাসে পণ্য পরিবহনে সর্বকালের রেকর্ড হয়েছে। এসব পণ্যের মধ্যে ছিল ছুটির মৌসুমের জন্য খুচরা পণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র নির্মাণের সরঞ্জাম এবং গাড়ির যন্ত্রাংশ।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


