
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে হুথি বিদ্রোহীরা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত ও স্পর্শকাতর জলপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নিজেদের প্রভাব আরও বিস্তৃত করল তারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, পশ্চিম উপকূলে চালানো বড় ধরনের সামরিক অভিযানে সৌদি-সমর্থিত বাহিনীকে অন্তত ছয়টি জেলা থেকে হটিয়ে দেওয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ অভিযানে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা হুথিদের নিয়ন্ত্রণে আসে। এতে প্রতিপক্ষ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়, কৌশলগত এলাকাগুলো দখলের পর লোহিত সাগরে চলাচলকারী সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব আন্তর্জাতিক বাণিজ্যপোতের জন্য সমুদ্রপথ নিরাপদ থাকবে। সৌদি মালিকানাধীন বা তাদের পতাকাবাহী জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
হুথিরা জানিয়েছে, ইয়েমেনের ওপর থেকে সামরিক অবরোধ ও আগ্রাসন পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তারা ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি বজায় রাখবে। এর ফলে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
আরটিভি/এআর


