
লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরকারি বাহিনী পিছু হটার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) অঞ্চলটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সরকারি বাহিনী সরে যাওয়ার পর হুতি যোদ্ধারা স্পিডবোটে করে মেয়ুন (পেরিম নামেও পরিচিত) দ্বীপে পৌঁছায়। দ্বীপটি প্রণালিটিকে দুটি পৃথক নৌপথে বিভক্ত করেছে। তিনি নিশ্চিত করেন, বর্তমানে বাব আল-মান্দেব এলাকা এবং এর মাঝে অবস্থিত মেয়ুন দ্বীপের পুরো নিয়ন্ত্রণ হুতিদের হাতে রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, হুতি বন্দুকধারীরা বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যানবাহনে পুরো এলাকা টহল দিচ্ছে।
ইরানে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরান বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিলে বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দেবের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই জলপথটি হুতিদের দখলে চলে যাওয়ায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল চরম ঝুঁকিতে পড়ল।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে জাতিসংঘে ইয়েমেনের দূত আবদুল্লাহ আল-সাদি সতর্ক করে বলেন, হুতিদের এই সামরিক সম্প্রসারণ লোহিত সাগরে এক ‘নতুন বাস্তবতা’ তৈরি করেছে এবং আন্তর্জাতিক নৌচলাচলকে হুমকির মুখে ফেলেছে।
এদিকে হুতি পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে আজ দুই দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
আরটিভি/এআর


