
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকায় ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির নিক্ষেপ করা একটি প্রজেক্টাইলের (রকেট বা ক্ষেপণাস্ত্র) আঘাতে অন্তত দুজন আহত হয়েছেন। এ হামলায় একটি মসজিদসহ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে রকেটটি আঘাত হানে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র এ ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তবে হুতি বাহিনীর দাবি, তাদের মূল লক্ষ্য ছিল নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটি।
সম্প্রতি ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র রূপ নেওয়ার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে হুতিরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক স্থাপনায় হুতিদের চালানো হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হন।
জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই থেকে ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত শুরু হয়। এরই মধ্যে হুতি যোদ্ধারা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের পাশাপাশি কৌশলগত বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গেও সংঘর্ষ জোরালো হয়েছে।
আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া এই সংঘাতের শিকার হয়ে ইতোমধ্যে ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আরটিভি/এআর


