
সৌদি আরবের জেদ্দায় সাড়ে ৮ কেজি মেথামফেটামিন বা শাবু মাদক বিক্রি ও প্রচারের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৮ দশমিক ৫ কেজি মেথামফেটামিন মাদক বিক্রি ও প্রচারের অভিযোগ আনা হয়েছে। তবে জেদ্দার কোন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের নাম-পরিচয়, বয়স ও পেশা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে মামলার পরবর্তী অগ্রগতি বা আদালতের সিদ্ধান্ত সম্পর্কেও কিছু জানানো হয়নি।
সৌদি আরবে মাদক পাচার, বিক্রি ও প্রচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকসংক্রান্ত অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: সৌদি সংবাদমাধ্যম আর-রিয়াদ, সাবক এবং আজেল
আরটিভি/এসকে




