
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক ভ্লগার দম্পতির বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগ উঠেছে। মিষ্টির দোকানির দাবি, মিষ্টিতে পোকা থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে নগদ অর্থ ও একটি আইফোন দাবি করা হয়। যদিও অভিযোগের সত্যতা তদন্ত করে দেখছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে হাবড়ার প্রফুল্লনগরের শ্রীকৃষ্ণ সুইটস নামের একটি দোকানে। পুলিশের কাছে দেওয়া অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ওই দোকানে যান সহেলি দে সূত্রধর ও তার স্বামী সুব্রত দে। মিষ্টি খাওয়ার পর তারা তাতে পোকা থাকার অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে দোকানের মালিক নয়ন ঘোষের সঙ্গে তাদের তর্কাতর্কিও হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে দোকানির হোয়াট্সঅ্যাপে পোকা ধরা মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ দোকানির। পাশাপাশি বারবার ফোন করে তাকে ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যে অভিযুক্তদের বাড়িতে যেতে বলা হয়।
দোকানি নয়ন ঘোষের দাবি, পরে তিনি ওই দম্পতির বাড়িতে গেলে ছবি ও ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে একটি আইফোন ও নগদ অর্থ দাবি করা হয়। তার অভিযোগ, ব্যবসায়িক সুনাম নষ্ট করা এবং টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মিষ্টিতে পোকা রাখা হয়েছিল।
নয়ন ঘোষ আরও জানান, তার মিষ্টি তৈরির কারখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্যসুরক্ষা বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। তাই মিষ্টিতে পোকা পাওয়ার ঘটনায় তার সন্দেহ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ভ্লগার দম্পতিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মানহানির মামলা করা হয়েছে। তবে মিষ্টিতে পোকা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল কি না এবং ক্ষতিপূরণের নামে আইফোন ও নগদ অর্থ দাবি করা হয়েছিল কি না এসব বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে।
আরটিভি/এসকে


