
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নতুন নকশার ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে ফ্লোরিডা সড়ক নিরাপত্তা ও মোটরযান বিভাগ নতুন নকশার এসব পরিচয়পত্র দেওয়া শুরু করবে।
নতুন কার্ডে স্থান পেয়েছে ফ্লোরিডার ইতিহাস, প্রকৃতি ও মহাকাশ গবেষণার নানা প্রতীক। কার্ডের সামনের অংশে রয়েছে সেন্ট অগাস্টিনের ঐতিহাসিক দুর্গ ‘কাস্তিয়ো দে সান মার্কোস’-এর ছবি। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সবচেয়ে পুরোনো পাথরের দুর্গ হিসেবে পরিচিত।
ফ্লোরিডার পরিচিত কমলাকে ‘ফ্লোরিডা’ শব্দের ‘ও’ অক্ষরের নকশায় যুক্ত করা হয়েছে। কার্ডের নিচের বাম পাশে রয়েছে অঙ্গরাজ্যটির অন্যতম পরিচিত স্থানীয় প্রাণী মানাটির ছবি। ওপরের ডান পাশে পরিচয়পত্রের নিরাপত্তা চিহ্নের মধ্যে রাখা হয়েছে ফ্লোরিডার প্রতীকী প্রাণী অ্যালিগেটরের ছবি।
কার্ডের পেছনের অংশে তুলে ধরা হয়েছে ফ্লোরিডার মহাকাশ উপকূলের ইতিহাস। সেখানে রয়েছে মহাকাশযান ডিসকভারির ছবি। এই মহাকাশযান ৩৯টি অভিযানে অংশ নিয়ে মহাকাশে মোট ৩৬৫ দিন কাটায়। ২০১১ সালের ৯ মার্চ ফ্লোরিডায় শেষবারের মতো অবতরণ করে এটি।
নতুন পরিচয়পত্রে ফ্লোরিডার প্রথম অনানুষ্ঠানিক অঙ্গরাজ্য পতাকা থেকে নেওয়া ‘লেট আস অ্যালোন’ অর্থাৎ ‘আমাদের একা থাকতে দিন’—এই মূলমন্ত্রও রাখা হয়েছে। ফ্লোরিডার তৎকালীন গভর্নর উইলিয়াম ডি. মোসলির অভিষেকের সময় ওই পতাকা উপহার দেওয়া হয়েছিল।
ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস অঙ্গরাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র চালুর ঘোষণা দেন।
নতুন নকশার পাশাপাশি পরিচয়পত্রে নিরাপত্তা বাড়াতে অঙ্গরাজ্যের সিলের একটি বিশেষ ছবি যুক্ত করা হয়েছে। বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ও বাণিজ্যিক শিক্ষানবিশ অনুমতিপত্রে ‘অস্থায়ী অনাবাসী’ চিহ্নও যুক্ত থাকবে।
ফ্লোরিডা সড়ক নিরাপত্তা ও মোটরযান বিভাগের নির্বাহী পরিচালক ডেভ কার্নার বলেন, নতুন নকশার মাধ্যমে পরিচয় যাচাইয়ের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জালিয়াতির নতুন প্রবণতা মোকাবিলা এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিচয় যাচাই আরও শক্তিশালী করতেই এ পরিবর্তন আনা হয়েছে।
তবে নতুন কার্ড পেতে পুরোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স বা পরিচয়পত্র এখনই বদলাতে হবে না। বর্তমানে বৈধ থাকা পরিচয়পত্র মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। এরপর ধীরে ধীরে পুরোনো কার্ডের পরিবর্তে নতুন নকশার কার্ড দেওয়া হবে।
অনলাইনে নবায়নের ক্ষেত্রেও নতুন নকশার কার্ড পাওয়ার সুবিধা চালু হবে ২০২৬ সালের নভেম্বরের শেষ নাগাদ।
সূত্র: নাওকাস্ট ওয়েস্ট ২ নিউজ
আরটিভি/জেএমএ


