
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন এলাকায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার গাড়ির ধাক্কায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালে আইসের হেফাজতে রয়েছেন।
হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে খবর পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আইস কর্মকর্তাদের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
শেরিফের কার্যালয়ের বিশেষ তদন্ত বিভাগের কর্মকর্তা মেজর ম্যাককনেল সংবাদ সম্মেলনে জানান, আইস কর্মকর্তারা এক সন্দেহভাজনকে ধরতে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তি পূর্বমুখী পথে পশ্চিম দিকে গাড়ি চালান। পরে তিনি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। গাড়িতে থাকা চালক ও আরেক যাত্রীও পালিয়ে যান। তাদের দুজনকে ধরার চেষ্টা করার সময় এক আইস কর্মকর্তা যাত্রীকে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি কর্মকর্তার গাড়ির সামনে চলে এলে গাড়ির ধাক্কায় আহত হন।
আইসের দেওয়া বিবৃতি অনুযায়ী, কর্মকর্তারা জোসে মেন্দোজা-সেরভান্তেস নামের এক মেক্সিকান নাগরিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালাচ্ছিলেন। সংস্থাটির দাবি, তিনি যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। অভিযানের সময় তাকে ও মিগেল পারা-হার্নান্দেজ নামের আরেক মেক্সিকান নাগরিককে একটি গাড়িতে উঠতে দেখে কর্মকর্তারা থামানোর চেষ্টা করেন। পরে দুজনই গাড়ি থেকে নেমে দৌড়ে পালান।
আইসের দাবি, ধাওয়ার একপর্যায়ে পারা-হার্নান্দেজ সংস্থাটির একটি গাড়ির সামনে চলে আসেন এবং ধাক্কা খেয়ে আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত প্রাণঘাতী নয় বলে ধারণা করছে সংস্থাটি।
অন্যদিকে, জোসে মেন্দোজা-সেরভান্তেস পালিয়ে গেছেন এবং এখনো তাকে আটক করা যায়নি বলে জানিয়েছে আইস।
সংস্থাটির অভিযোগ, মেন্দোজা-সেরভান্তেসের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর চারটি মামলা এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে একটি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। তবে এসব অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন কি না, তা নিশ্চিত করেনি আইস। সংস্থাটি আরও জানায়, একজন অভিবাসন বিচারক তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ দিয়েছিলেন এবং এর আগে তাকে দুইবার দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ


