
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জেমস টালারিকো। রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্যের অবসান ঘটিয়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে ৩২ বছর পর অঙ্গরাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রার্থী রাজ্যজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জয় পেলেন।
বুধবার (৪ নভেম্বর) বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, ৬৭ শতাংশ ভোট গণনা শেষে জেমস টালারিকো পেয়েছেন ৫৯ দশমিক ১৮ শতাংশ ভোট। অন্যদিকে কেন প্যাক্সটন পেয়েছেন ৩৯ দশমিক ২৩ শতাংশ ভোট। এপি টালারিকোকে বিজয়ী ঘোষণা করেছে।
১৯৯৪ সালের পর টেক্সাসে কোনো ডেমোক্র্যাট প্রার্থী রাজ্যজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জয় পাননি। এমনকি ১৯৮৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির ভোটারদের সরাসরি ভোটে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হলেন।
নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্যাক্সটনের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ছিল। তবে তার প্রার্থিতা নিয়ে নিজ দলের মধ্যেও অনাগ্রহ দেখা যায়। প্যাক্সটনের পক্ষে নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করা হলেও তা জয়ে ভূমিকা রাখতে পারেনি। ধনকুবের ইলন মাস্কও তার পক্ষে অন্তত ২১ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে টালারিকো সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক বৈষম্য এবং সাধারণ পরিবার ও ক্ষুদ্র ব্যবসার স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রচার চালান। তার প্রচার কৌশল ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনায় আসে।
রিপাবলিকানদের দীর্ঘদিনের আধিপত্য থাকা টেক্সাসে টালারিকোর এ জয়কে দলটির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা, টাইমস ম্যাগাজিন
আরটিভি/জেএমএ


