
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পথচারী এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক স্কুলশিক্ষকের সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সায়েদ মোহাসিব (২৭)। শনিবার (৭ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।
নিহত নারীর নাম কেটি সুয়ারেজ (২৮)। গত ৩০ অক্টোবর ব্রুকলিনের বেল্ট পার্কওয়ে জলপথের পাশে জগিংয়ের (দৌড়ানো) সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান তিনি।
পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৮টার দিকে কেটি তার বাবাকে ফোন করে জানান, তিনি বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে রয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে তার বাবা রাস্তার পাশে ঘাড়ে ছুরিকাহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।
তদন্তকারীদের দাবি, ঘটনার সঙ্গে সায়েদ মোহাসিবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।
একটি সূত্রের বরাতে জানা গেছে, মোহাসিব ব্রুকলিনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন। বিদ্যালয়টি হত্যাকাণ্ডের ঘটনাস্থলের কাছেই অবস্থিত। এর আগে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগেও অল্প সময় কাজ করেছিলেন। তবে মানসিক স্বাস্থ্যগত কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মার্কিন মেরিন বাহিনী থেকেও একই কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এ ঘটনায় হত্যার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। মোহাসিবের আইনজীবী নিয়োগের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


