বয়সের ভারে ঝুলে যাচ্ছে ত্বক, যেভাবে ফিরে পাবেন তারুণ্য

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০২:৩৭ পিএম


বয়সের ভারে ঝুলে যাচ্ছে ত্বক, যেভাবে ফিরে পাবেন তারুণ্য
ছবি: সৌজন্য

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পাশাপাশি ত্বকেও নানা পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো চোয়ালের আশপাশের ত্বক ও পেশির ঝুলে পড়া, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘জাওলস’ নামে পরিচিত। এর ফলে মুখের আকৃতি আগের মতো টানটান ও সুগঠিত থাকে না। তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফেস যোগা বা মুখের ব্যায়াম চর্চার মাধ্যমে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞরা জানান, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ কমে যায়। ফলে ত্বক স্বাভাবিক দৃঢ়তা হারিয়ে নিচের দিকে ঝুলতে শুরু করে। জিনগত প্রবণতা, শরীরে পানির ঘাটতি, অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবারের অভাব, ধূমপান, মাদকাসক্তি এবং মুখ ও চোয়ালের পেশির কম ব্যবহারও জাওলস তৈরির অন্যতম কারণ।

s2

ফেস যোগা মুখ ও চোয়ালের পেশিকে সক্রিয় করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে। পাশাপাশি মুখের ফোলাভাব ও অতিরিক্ত পানি জমার প্রবণতা কমাতে সাহায্য করে। অনেকের মুখ ও চোয়ালের পেশিতে যে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়, ফেস যোগা তা কমাতেও কার্যকর ভূমিকা রাখে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ফেস যোগা কোনো তাৎক্ষণিক সমাধান নয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে পেশির টোন উন্নত হতে শুরু করে। আর ৮ থেকে ১৬ সপ্তাহের মধ্যে চোয়ালের রেখা আরও স্পষ্ট ও দৃঢ় দেখাতে পারে। দীর্ঘমেয়াদি চর্চায় মুখের গঠনেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা থাকে।

যেসব ব্যায়াম উপকারী

১. জিভের অবস্থান ঠিক রাখা
জিভকে মুখের ওপরের তালুর সঙ্গে লাগিয়ে রাখতে হবে। দাঁত হালকাভাবে জোড়া থাকবে এবং মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নিতে হবে। নিয়মিত এ অভ্যাস চোয়াল ও মুখের মধ্যবর্তী অংশকে দৃঢ় করতে সহায়তা করে।

২. চোয়াল সামনে ঠেলার ব্যায়াম
নিচের চোয়াল যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে নিতে হবে। টান অনুভব করলে ১০ সেকেন্ড ধরে রেখে স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে। দিনে দুবার ১০ বার করে ২ সেট অনুশীলন করা যেতে পারে।

image

৩. ‘ও’ আকৃতির ব্যায়াম
ঠোঁট দিয়ে বড় ‘শূন্য’ বা ‘ও’ আকৃতি তৈরি করতে হবে, তবে দাঁত যেন ঠোঁটের আড়ালে থাকে। এরপর ধীরে ধীরে মাথা ওপরে তুলতে হবে। ১০ সেকেন্ড ধরে রেখে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। দিনে দুবার ৩ থেকে ৫ বার অনুশীলন উপকারী হতে পারে।

৪. হাসির স্ট্রেচ
মুখের দুই প্রান্ত বাইরে টেনে এমনভাবে ধরতে হবে যাতে দাঁত দেখা যায়। এতে ঘাড় ও চোয়ালে টান অনুভূত হবে। ১৫ সেকেন্ড ধরে রেখে ৮ থেকে ১০ বার পুনরাবৃত্তি করতে হবে। দিনে ২ সেট করলেই যথেষ্ট।

৫. ডাবল চিন ব্যায়াম
সোজা হয়ে বসে থুতনিকে গলার দিকে টেনে ডাবল চিন তৈরি করতে হবে। ১০ সেকেন্ড ধরে রেখে স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে। দিনে দুবার ১০ বার করে ২ সেট করলে উপকার পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, ধূমপান পরিহার এবং নিয়মিত ফেস যোগার সমন্বয়ে বয়সজনিত ত্বক ঝুলে পড়ার সমস্যা অনেকাংশে কমিয়ে রাখা সম্ভব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission