
পুরোনো বাড়িকে আধুনিক করে তুলতে দেওয়াল ভাঙা বা পুরো বাড়ি সংস্কারের প্রয়োজন নেই। নতুন কিছু প্রযুক্তি ব্যবহার করেই পুরোনো বাড়িতে যোগ করা যেতে পারে আধুনিক সুবিধা।
পুরোনো বাড়ি কিনে নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন? কিংবা বহুদিনের পুরোনো বাড়িটিকেই আধুনিক করে তুলতে চান? এ জন্য সব সময় বড় ধরনের সংস্কার বা ভাঙাভাঙির প্রয়োজন হয় না। দেওয়াল না ভেঙেও এবং পুরোনো বিদ্যুতের তার বা সুইচের ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন না করেও বাড়িতে যুক্ত করা সম্ভব নতুন প্রযুক্তি।
পুরোনো বাড়িগুলো সাধারণত সেই সময়ের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছিল। মোটা দেওয়াল, পুরোনো ধরনের বিদ্যুৎ সংযোগ ও সুইচের ব্যবহার ছিল এসব বাড়িতে। তবে বাড়ির মূল কাঠামো ঠিক রেখেই এখন বিভিন্ন আধুনিক প্রযুক্তি যুক্ত করা সম্ভব।
সুইচ হবে আধুনিক
ঘরের পুরোনো সুইচের পেছনে ছোট একটি ডিজিটাল যন্ত্র বসিয়ে নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করা যায়। এতে পুরো সুইচ বা ঘরের ভেতরের তার পরিবর্তনের প্রয়োজন হয় না।
এরপর মুঠোফোন, কণ্ঠের নির্দেশ কিংবা নির্দিষ্ট সময় ঠিক করে আলো, পাখাসহ বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব।
বাড়ির নিরাপত্তায় নতুন ব্যবস্থা
পুরোনো বাড়িতেও আধুনিক নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা যায়। বাড়িতে না থাকলেও কে এসেছেন, তা মুঠোফোনে দেখা সম্ভব।
দরজায় আধুনিক তালা বসালে চাবির বদলে গোপন সংকেত বা হাতের ছাপ ব্যবহার করে দরজা খোলা যাবে। ফলে আলাদা করে চাবি বহনের ঝামেলাও কমবে।
এক যন্ত্রেই নিয়ন্ত্রণে নানা বৈদ্যুতিক সরঞ্জাম
অবলোহিত সংকেত পাঠানোর বিশেষ যন্ত্র ব্যবহার করে টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, সংযোগ বাক্স ও সংগীতের যন্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব।
সাধারণ দূরনিয়ন্ত্রকের মতো কাজ করা এই ব্যবস্থায় মুঠোফোনের মাধ্যমে একসঙ্গে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করা যায়।
মোটা দেওয়ালেও মিলবে ভালো ইন্টারনেট সংযোগ
পুরোনো বাড়ির মোটা দেওয়ালের কারণে একটি মাত্র যন্ত্র থেকে অনেক সময় বাড়ির সব জায়গায় ইন্টারনেটের সংকেত পৌঁছায় না।
এ ক্ষেত্রে একটির বদলে বাড়ির বিভিন্ন স্থানে দুই বা তিনটি ছোট সংযোগযন্ত্র বসানো যায়। এতে পুরো বাড়িতে ইন্টারনেটের সংকেত পৌঁছানো সহজ হয়।
পুরোনো বাড়ি আধুনিক করতে সব সময় বড় ধরনের ভাঙাভাঙির প্রয়োজন নেই। বাড়ির পুরোনো কাঠামো ঠিক রেখেই ধাপে ধাপে নতুন প্রযুক্তি যুক্ত করে বাড়িকে আরও সুবিধাজনক ও আধুনিক করে তোলা সম্ভব।
আরটিভি/জেএমএ


