স্কটল্যান্ডের বিপক্ষে কোন একাদশ খেলাবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৩:০১ পিএম


স্কটল্যান্ডের বিপক্ষে কোন একাদশ খেলাবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশে মাত্র একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরির কারণে ছিটকে যাওয়া রাফিনিয়ার জায়গায় ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার উইঙ্গার রায়ানকে সুযোগ দিতে যাচ্ছেন ইতালিয়ান এই কোচ।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনে ডান প্রান্তের আক্রমণভাগে খেলেছেন রায়ান। যদিও ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে চূড়ান্ত একাদশ নিশ্চিত করা হবে, অনুশীলনের চিত্রে স্পষ্ট যে তরুণ এই ফুটবলারের ওপরই আস্থা রাখছেন আনচেলত্তি।

সবকিছু ঠিক থাকলে ব্রাজিল মাঠে নামতে পারে এই একাদশ নিয়ে: অ্যালিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকলেও ডগলাস সান্তোস ও কাসেমিরোকে বিশ্রাম দেওয়ার কোনো পরিকল্পনা নেই কোচের। দুজনেরই একটি করে হলুদ কার্ড রয়েছে, তবে গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আনচেলত্তি। বর্তমানে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আমরা সেরা একাদশ নিয়ে ভালো ফুটবল খেলতে চাই। রাফিনিয়ার বিকল্প কে হবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে। এখন কার্ডের বিষয়টি নিয়ে ভাবার সুযোগ নেই।

রাফিনিয়ার পরিবর্তে রায়ানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাফিনিয়ার বদলি হিসেবে নেমে সে ভালো খেলেছিল। আমাদের আরও কিছু বিকল্প আছে, তবে প্রয়োজন হলে রায়ান সেই ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারে।

গত কয়েক দিনে ডান প্রান্তে লুইজ হেনরিকেককেও পরীক্ষা করেছেন আনচেলত্তি। এছাড়া শারীরিকভাবে কিছুটা ক্লান্ত গ্যাব্রিয়েল মাগালহায়েসের বিকল্প হিসেবে লিও পেরেইরাকে পর্যবেক্ষণ করা হয়েছে। অনুশীলনে বিকল্প আক্রমণ পরিকল্পনার অংশ হিসেবে এন্দ্রিক ও মাতেউস কুনিয়াকে সমন্বয়ও দেখা গেছে।

এদিকে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার স্কোয়াডে থাকলেও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন। তিনি বেঞ্চে থেকে ম্যাচ শুরু করবেন এবং ম্যাচের শেষ দিকে কিছু সময় মাঠে নামতে পারেন।

আরও পড়ুন

বুধবার (২৪ জুন) মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে জয় পেলে গ্রুপের শীর্ষস্থান আরও দৃঢ়ভাবে নিজেদের দখলে রাখতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission