
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের। আর সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতে থাকছে বিশেষ নকশা।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে বিদায়ী ম্যাচের জার্সির প্রথম ঝলক দেখিয়েছেন মেসি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি।’
আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি রঙের ওপর তৈরি করা হয়েছে জার্সিটি। তবে এবারের ডিজাইনে থাকছে ভিন্নতা। জার্সির মাঝ বরাবর থাকবে একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ। পাশাপাশি জার্সির নকশায় যোগ করা হয়েছে সোনালি রঙের ছোঁয়া।
পেছনের অংশেও থাকছে বিশেষ আয়োজন। সেখানে সোনালি রঙে লেখা হবে মেসির নাম ও জার্সি নম্বর। পাশাপাশি উঁচু-নিচু নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’।
মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে জার্সিতে এমন বিশেষ নকশা যুক্ত করার মূল লক্ষ্য জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখা।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার এই পর্ব। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। তবে তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতেই মেসির মাঠে নামার কথা রয়েছে।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন মেসি। এই সময়ে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। এবার সেই আকাশি-সাদা জার্সিতেই শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন মহাতারকা।
আরটিভি/এসকে




